সাতক্ষীরার আকর্ষণ ‘সম্রাটে’র দাম ১৫ লাখ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৭, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাতক্ষীরার আকর্ষণ ‘সম্রাটে’র দাম ১৫ লাখ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৯, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৯, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি

চারবছর পর গোয়াল ভেঙে বের করতে হলো তাকে। সেই ছোট থেকে লালন পালন করেছেন সাতক্ষীরার তালা উপজেলার আব্দুল আলিম। কিন্তু আকারে এতো বড় হবে তা কখনও ভাবেননি তিনি। ১০ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার গরুটির নাম ‘সম্রাট’। এবারের কোরবানি ঈদে দাম ধরা হয়েছে ১৫ লাখ টাকা। এর ওজন ৩৫ মণ।

উপজেলার চৌগাছা গ্রামের আব্দুল আলিম, ২০১৯ সালে ফ্রিজিয়ান জাতের এই গরুটি খুলনার চুকনগর থেকে কিনেন। বছর দুয়েক পরে এর আকার ও ওজন এত পরিমাণ বেড়ে যায় যে গোয়াল ঘরের বাইরে নেওয়া সম্ভব হচ্ছিল না। সেই সময় বিক্রির চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। গত শুক্রবার (১৬ জুন) বিকেলে সাহস করে গরুটি বের করেছেন আব্দুল আলিম।

এজন্য তাকে গোয়াল ঘরের লিন্টন ভাঙতে হয়েছে। কারণ গরুটির উচ্চতা ৬ ফুট। প্রচন্ড রাগী গরুটির শক্তি এতই বেশি যে, ৪-৫ জন লোক ছাড়া একে নিয়ন্ত্রণ করা যায় না। গরুটি দরদাম করতে আসা জামাল হোসেন নামের এক ক্রেতা জানালেন, এবারের কোরবানির ঈদে সাতক্ষীরার আকর্ষণ ‘সম্রাট’। কারণ এত বড় গরু সাতক্ষীরায় আর কোথাও আছে কি-না জানা নেই।

গরুটির মালিক আব্দুল আলিম জানান, সম্রাট’কে তিনি সন্তানের মতোই লালন-পালন করেছেন। প্রাকৃতিক খাবার দিয়ে তাকে বড় করা হয়েছে। ভুট্টা, কুড়ো, খুদের ভাত, মাঠের ঘাস, নেপিয়ার ঘাস, লতাপাতাসহ বিভিন্ন গাছের পাতা খাওয়ানো হয়। এবারের কোরবানি ঈদে এর দাম ধরা হয়েছে ১৫ লাখ টাকা। তবে দাম অনুযায়ী ক্রেতা পাচ্ছেন না তিনি। এত বড় গরু হাটে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে খবর পেয়ে বাড়িতে অনেকে আসছেন গরুটি দেখতে।

এত দীর্ঘ সময় ধরে একটি গরুর পেছনে খরচ করার মতো সাহস কোথা থেকে পেয়েছেন এমন প্রশ্নের জবাবে আব্দুল আলিম বলেন, অল্প সময়ের মধ্যেই গরুটি অনেক বড় হয়ে যাওয়ায় তিনি উৎসাহিত হয়েছেন। আস্তে আস্তে গরুটি আরও বড় হয়েছে। এই কারণেই তিনি গরুটির পেছনে অর্থ, শ্রম ও সময় তিনটিই ব্যয় করেছেন। গরুটি দেখতে আসা বেশ কয়েকজন ক্রেতা জানালেন, সাতক্ষীরার ভেতরে সবচেয়ে বড় গরু ‘সম্রাট’। তবে এটি বিত্তবান লোক ছাড়া আর কারও পক্ষে কেনা সম্ভব নয়। তবে যদি কেউ ভাগে কোরবানি দেয় সেক্ষেত্রে হয়তো সম্ভব হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ