ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছি: মান্না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছি: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ১০:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ভোট ধ্বংসের চক্রান্ত করছে; আর তারা লড়াই করছেন ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। ১৫ বছরে আওয়ামী লীগ দেশের পুরো নির্বাচনব্যবস্থা শেষ করে দিয়েছে। এখন দেশি-বিদেশি চাপে সরকার বলছে, তারা সুন্দর ও সুষ্ঠু ভোট করবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০১১ সালের ৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে হরতালে সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিপেটায় তৎকালীন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গুরুতর আহত হন। ওই দিনটি পালনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি সারিতে বসা ছিলেন জয়নুল আবদিন ফারুক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, পুলিশের কিছু সদস্য যেভাবে জয়নুল আবদিন ফারুককে সেদিন পিটিয়েছে, এটা তারা সংসদকে পিটিয়েছে, গণতন্ত্রকে পিটিয়েছে। এই সরকার গণতন্ত্রবিরোধী সরকার। তাদের হটাতে না পারলে এ দেশের অস্তিত্ব বিপন্ন হবে।

গণঅধিকার পরিষদের একাংশের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, সমগ্র জাতির সামনে বলছি, শেখ হাসিনার অধীনে গণঅধিকার পরিষদ কিংবা তাদের কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এরপরও সরকারের কিছু এজেন্ট ইনিয়ে-বিনিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, সন্দেহের সৃষ্টি করছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন রাজপথে আছে। জামায়াতের নেতাদের অনেককে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, অত্যাচার-নির্যাতন করা হয়েছে, তাতে মনে হয় না জামায়াত সরকারের সঙ্গে কাজ করবে। এরপরও যদি জামায়াত কাজ করে, তাহলে দলটির কর্মীরা ক্ষমা করবে না। বিএনপি চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে দলটিকেই ‘এক দফা’র আন্দোলনে কর্মসূচি দেওয়ার আহ্বান জানান নুর।

সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্য নেতারা বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ