বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : নিখিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : নিখিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বলেছেন- এই অপপ্রচারের জবাব দিতে আওয়ামী যুবলীগসহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা প্রস্তুত। গতকাল সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত যুবলীগের কেন্দ্র ঘোষিত তারুণ্যের জয়যাত্রা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নিখিল বলেন- বিএনপি যেনতেন প্রকারে ক্ষমতায় যেতে চায় বলে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তারুণ্যের সমাবেশের নামে দেশের যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজির দিকে ঠেলে দিচ্ছে। ইয়াবা মাদকের দিকে ঠেলে দিচ্ছে। তাদের রক্ষায় সারা দেশে যুবলীগ তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি চালিয়ে যাবে। তিনি বলেন, বিএনপি জামায়াত এবং তারেক জিয়াদের ঘুম ১৬ই ডিসেম্বর বা ২৬শে মার্চ বা ২১শে ফেব্রুয়ারি এলে হারাম হয়ে যায়। কিন্তু ১৫ই আগস্ট তারা উৎসবে মেতে ওঠে। তারা কীভাবে দেশের সেবা মানুষের সেবা করবে? তারেক লন্ডনে বসে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে যুবলীগ।

তাদের কোনো অপপ্রচারেই সরকারের ভাবমূর্তি নষ্ট হবে না।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিখিল আরও বলেন, দীর্ঘদিন চেষ্টা তদবির করে তারা সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে লোক ভাড়া করে এনে জড়ো করতে সক্ষম হয়েছে, সিলেট জেলা ও মহানগর যুবলীগের নেতাকর্মীরা তারচেয়ে অনেক বেশি এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। জনগণ যে তাদের প্রত্যাখ্যান করেছে, এটাই তার বড় প্রমাণ। সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর হাবিব হাবিব, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক সাইফুল আলম অনিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল ইসলাম নুর মিয়া, চৌধুরী আব্দুল্লাহ রাজেন। আরও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ