রাজধানীতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা করবে এলডিপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘সরকারের লুটপাট, দুর্নীতির কারণে দেশের অর্থনীতি বেহাল অবস্থায় পড়েছে। দেশের কোনো মানুষ ভালো নেই। শ্রমজীবী মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে দিশেহারা। এ সরকারের পতনই এ অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে পারে। তাই দলমত নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এক দফা দাবি আদায়ে রাজপথে নামতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।’
বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর পূর্বপান্থপথের এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার পতনের একদফা দাবিতে ১৮ জুলাই ১০টায় গাবতলী হতে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা এবং ১৯ জুলাই একই সময়ে আবদুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে এলডিপি।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণে এ সরকারকে হটানোর বিকল্প নেই।
ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে এ দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু এখন দেশে আমার কথা বলার কোনো অধিকার নেই, নিরাপত্তা নেই। আমার নির্বাচনী এলাকায় কোনো সভা সমাবেশ করতে পারি না। যেখানেই সভা করতে যাই সেখানেই হামলা করা হয়। আমরা আর কতো মার খাব। এখন সময় ঘুরে দাঁড়ানোর। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। জনগণের স্বার্থ রক্ষা করতে হলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে। জনগণের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারের পতন করা হবে।
আওয়ামী লীগের কাজই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। অথচ সারা দেশের মানুষ গণতন্ত্র চান। নিজের ভোট নিজে দিতে চান। কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা নির্বাচন চাই এবং সেই নির্বাচন চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়।’
জনতার আওয়াজ/আ আ