সরকারবিরোধী আন্দোলন সফল করতে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারবিরোধী আন্দোলন সফল করতে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৫, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারবিরোধী আন্দোলন সফল করতে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে জেলা, উপজেলা পর্যায়ের নেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী ছিলেন কিংবা অপেক্ষমাণ তালিকায় ছিলেন– এমন নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। তারেক রহমান এতে ভার্চুয়ালি যুক্ত হন। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

গতকালের বৈঠকে আন্দোলন সফল করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে করণীয় বিষয়ে সবার মতামত গ্রহণ করা হয় বলে জানা গেছে। আজ শনিবার বরিশাল ও ঢাকা বিভাগের বৈঠক হবে। অন্যান্য বিভাগের বৈঠকের দিনক্ষণ আজ নির্ধারণ হবে।

এর আগে ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তারেক রহমান ধারাবাহিক বৈঠক করেন। প্রথম দফায় দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সঙ্গে তিন দিন বৈঠক হয়। পরের তিন দিন বিভাগ অনুযায়ী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলার সভাপতিদের নিয়ে বৈঠক হয়। এসব বৈঠকে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দেন নেতারা। একই সঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়ার মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, বিএনপিসহ দেশের সব বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন তারা।

গতকাল অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত নেতারা জানান, সরকার পতনের এক দফার আন্দোলন সফল করতে কঠোর বার্তা দেওয়া হয় তৃণমূলকে। সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার জন্য নির্দেশ দিয়েছেন দলের নেতারা। এতে বলা হয় রাজপথের সক্রিয় ভূমিকা বিবেচনায় দলে মূল্যায়ন হবে। যারা নিষ্ক্রিয় থাকবেন, তারা পদ-পদবিসহ নির্বাচনী মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পাবেন না।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, রাজপথের চলমান ধারাবাহিক কর্মসূচিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে কঠোর মনোভাব গ্রহণ করেছে হাইকমান্ড। যারাই কর্মসূচিতে হাজির থাকবেন না, তাদের ব্যাপারে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। যারা আন্দোলনকে বাধাগ্রস্ত করতে কোন্দল সৃষ্টি করবে, নেতাকর্মীর পাশে থাকবে না, তাদের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দপ্তর সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে প্রাথমিকভাবে ৫২০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর বাইরে জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া আসনেও দলের অনেক প্রার্থী ছিলেন। সব মিলিয়ে ছয় শতাধিক নেতার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহসম্পাদক, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

সূত্র জানায়, গতকাল ফরিদপুর বিভাগের ৪২ জন নেতার সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় এক দফা আন্দোলন সফল করতে সবাইকে ভেদাভেদ, ভুল বোঝাবুঝি পরিহার করে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয় দলের পক্ষ থেকে। বলা হয়, এবারের আন্দোলন সফল না হলে দেশের স্বাধীনতা থাকবে না। জনগণেরও কষ্টের সীমা থাকবে না। আরও বলা হয়, সরকার এখন যথেষ্ট দুর্বল অবস্থায় আছে। এখন জোরে ধাক্কা দিতে হবে। এই সরকারকে বিদায় করতে পারলে সবাইকে নিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।

বৈঠকের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, এক দফার আন্দোলনকে কীভাবে সফল করা যায়, কীভাবে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন বেগবান করা যায়, সে বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিকনির্দেশনা দিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মিরাজুল ইসলাম জানান, মূলত আন্দোলন জোরদার করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবার প্রতি আহ্বান জানিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দোলনে শামিল হতে বলেছেন।সমকাল

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ