আ'লীগের তৈরী সংবিধানে নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগের তৈরী সংবিধানে নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ ও প্রধান বিচারপতি খায়রুল হকের রায়ের ভিত্তিতে কাটাছেঁড়া সংবিধানে বিএনপি নির্বাচনে যাবে না।

‘সংবিধানের বাইরে সরকার এক চুলও যাবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে বুধবার (১৯ জুলাই) সকালে রাজধানীর আব্দুল্লাহপুরে পদযাত্রাপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দ্বিতীয় দিনের এই কর্মসূচি চলছে।

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, খুব ভালো কথা কাদের সাহেব। আপনার কথায় স্থির থাকেন। কথা হলো কোন সংবিধান? খায়রুল হকের সংবিধান নাকি বাংলাদেশের সংবিধান। আমরা চাই অখণ্ড সংবিধান, যেটি কাটাছেঁড়া করা হয়নি, সেটির অধীনে আমরা নির্বাচনে যাব। এছাড়া আপনাদের (আওয়ামী লীগ) তৈরি, খায়রুল হকের তৈরি সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব না।

তিনি বলেন, জনগণের নিখুঁত সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

আব্বাস আরো বলেন, দেশের মানুষ ভোটের অধিকার আদায় করে নেবে। গত ১৫ বছর আপনাদের অত্যাচার সহ্য করেছি, জেল খাটতে শিখেছি। মৃত্যুবরণ করতে শিখেছি। মিছিল করতে শিখেছি। আর আপনাদের অত্যাচার সহ্য করব না। এবার অত্যাচারের জবাব দেব। গতকাল আপনারা নোয়াখালীতে আমাদের লোককে হত্যা করেছেন।

আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, বিএনপির মিটিং মিছিলে কোনো ধরনের ঝামেলা হয় না। আওয়ামী লীগ ঝামেলা তৈরি করতে চায় কেন? আমরা মিটিং-মিছিল করব, আপনারা ইট মারবেন (মঙ্গলবার বাংলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনার প্রসঙ্গে টেনে) আর আমরা ছেড়ে দেবো, এটা তো হবে না। আর অত্যাচার-নির্যাতন সহ্য করা হবে না। এবার কাউকে ছেড়ে দেওয়া হবে না।

পূর্বঘোষিত বিএনপির পদযাত্রায় অংশ নিতে সকাল ৮টা থেকে আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করে দলটির নেতাকর্মীরা। সকাল ১১টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে এই পদযাত্রা শুরু হয়। যা বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেবেন।

পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর – কুড়িল – বিশ্বরোড – নতুন বাজার – বাড্ডা – রামপুরা ব্রিজ – আবুল হোটেল – খিলগাঁও – বাসাবো – মুগদাপাড়া – সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ