গতকালের সহিংসতার ঘটনায় ৭০০ জনের মতো আটক : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৩০, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
কেউ আন্দোলন সমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কিংবা ভাঙচুর-অগ্নিসংযোগ করলে নিরাপত্তাবাহিনী বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, তাদের ওপর যে দায়িত্ব, সেটি তারা পালন করবে।
শিল্পকলা একাডেমিতে রবিবার (৩০ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময় তাদের (বিএনপি) বলে আসছে আপনারা এগুলো (ভাঙচুর) করবেন না। আপনাদের সহযোগিতা চাই। আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়মতান্ত্রিকভাবে করুন। আমরা তাদের কোনো সমাবেশ, আন্দোলন, পদযাত্রায় বাধা দেইনি। আমরা সবসময় বলে আসছি, জনদুর্ভোগ সৃষ্টি করলে কিংবা ভাঙচুর করলে, কিংবা অগ্নিসংযোগ করলে আমাদের নিরাপত্তাবাহিনী বসে থাকবে না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে তাদের প্রচারণা ও উদ্দেশ্য বাস্তবায়ন করবে। সেখানে আমাদের কোনো বাধা নেই। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে, রাস্তা-ঘাট বন্ধ করলে, মহাসড়কে যান চলাচল বন্ধ বা অবরুদ্ধ করলে, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরো বলেন, রাজনৈতিক দল সমাবেশ করবে, সেখানে আমাদের কোনো বাধা নেই। কোন দল সমাবেশ করলো বা করলো না সেটি নিয়ে আমাদের বাধা নেই। আমরা শুধু দেখি কেউ যাতে জনগণের জানমালের ক্ষতি না করে, রাস্তা-ঘাট বন্ধ করে গাড়িতে অগ্নিসংযোগ করলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে। কেউ নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করলে আমাদের বাধা নেই।
জনতার আওয়াজ/আ আ