ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং
নিউজ ডেস্ক
ড. ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানো এবং তিনি ‘বিচারিক হয়রানির শিকার’ হচ্ছেন এমন মন্তব্য করার জেরে সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিন আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার আইন মন্ত্রণালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করতে সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী বরখাস্তের প্রক্রিয়া শুরু করেছে সলিসিটর কার্যালয়।
জানা গেছে, তার বিরুদ্ধে অসদাচারণ, রাষ্ট্র ও সরকারবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ আনা হতে পারে।
এর আগে সোমবার শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এদিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অধ্যাপক ড. ইউনূসের পক্ষে ১৬০ জনের বেশি নোবেল বিজয়ী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই বিবৃতি দিয়েছেন যে- তাকে বিচার বিভাগীয় হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন, ওই বিবৃতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়েছে। কিন্তু আমি ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করবো না।
‘অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ড. ইউনূসের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে’- এমরান আহম্মদ ভূঁইয়ার এই বক্তব্যের বিরোধীতা করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা। ড. ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান তারা।
তাদের দাবি, সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা ইউনূসের বিপক্ষে বিবৃতি দিন। সেই বিবৃতিতে তারা স্বাক্ষর দিচ্ছেন। তার একটি কপি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দেওয়া হয়েছে।
জনতার আওয়াজ/আ আ