মাঠে এসে আমাদের সঙ্গে খেলুন, ফখরুলকে তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা কখনো ফাঁকা মাঠে গোল দিতে চাই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, পালিয়ে না গিয়ে মাঠে এসে আমাদের সঙ্গে খেলুন। আমরা খেলেই জিততে চাই।’
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন- ‘আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়।’ আমি উনাকে বলবো- আমরা চাই বিএনপি আগামী নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক। কিন্তু বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে, তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে মাঠ ছেড়ে চলে যেতে চাচ্ছে।’
হাছান মাহমুদ বলেন, ‘ফখরুল সাহেবকে বলবো মাঠে আসার জন্য এবং মাঠে এসে আমাদের সঙ্গে খেলার জন্য। আমরা খেলেই জিততে চাই। আমরা চাই সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেই নির্বাচনের মাধ্যমে মানুষ আগামী দিনের সরকার নির্বাচিত করবে।’
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যেভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আমূল পরিবর্তন হয়েছে, প্রতিটি শহর এবং গ্রামের যে পরিবর্তন ঘটেছে, মানুষের ভাগ্যের যে পরিবর্তন হয়েছে…। আগে মানুষ ডাল-ভাতের কথা বলতো, এখন ডাল-ভাতের পরিবর্তে মাংসের দাম বাড়লে মানুষ সেটি নিয়ে কথা বলে। এটিই হচ্ছে উত্তরণ।’
জনতার আওয়াজ/আ আ