সংবিধান ধর্মীয় গ্রন্থ নয় যে প‌রিবর্তন করা যা‌বে না: আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংবিধান ধর্মীয় গ্রন্থ নয় যে প‌রিবর্তন করা যা‌বে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের সুবিধামতো সংবিধান পরিবর্তন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে মন্তব‌্য ক‌রে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা এখন সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবারও ক্ষমতায় থাকতে চায়। কিন্তু সংবিধান পরিবর্তনশীল, এটা কোন ধর্মীয় গ্রন্থ না।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়ার ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘সঙ্কট সমাধানে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই’- শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘সংবিধান পরিবর্তনশীল, এটা স্থায়ী কিছু না। সংবিধান কোন ধর্মীয় গ্রস্থ না। জনগণের চিন্তার প্রতিফলন সংবিধান। আওয়ামী লীগ সংবিধানের এক-তৃতীয়াংশ পরিবর্তন করে বলছে সংবিধান কোনদিন পরিবর্তন হবে না।’

সংবিধান জাতীয় ঐক্যমত্য বা গণভোটের মাধ্যমে পরিবর্তন হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, ‘সংবিধানের ৭ ধারায় স্পষ্ট বলা হয়েছে সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন। যখন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল তখন বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র, উন্নয়ন বজায় রেখে বেগম খালেদা জিয়া সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করেছিল। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এটা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে এককভাবে এটা পরিবর্তন করেছে।’

বিচার বিভাগ সংবিধানের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগের মূল দায়িত্ব হচ্ছে সংবিধান, আইনের সুরক্ষা করা। তার কোনটাই কি তারা করছে? এটা না করে বিচার বিভাগের একটি অংশ রাজনীতিবিদের দায়িত্ব পালন করছে।

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে পুলিশ, বিচার বিভাগ, সরকারি কর্মকর্তা, লুটেরা ব্যবসায়ী ও রাজনীতিবিদদের একটি অংশ মিলে একটি রেজিম তৈরি করেছে। নির্বাচনে আমাদের প্রতিদন্দ্বী আওয়ামী লীগ নয়। আমাদের প্রতিদ্বন্দ্বী এই অংশগুলো। আওয়ামী লীগ ক্ষমতায় নেই। শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছে এই অংশগুলোর।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের উসিলায় আওয়ামী লীগ ভোট চুরির প্রকল্প চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে শুধু ভোটের দিন ভোট চুরি হয় না, সারাবছর ধরেই ভোট চুরির প্রকল্প চলে।’

মিথ্যা ও গায়েবি মামলাও এই প্রকল্পেরই অংশ জানিয়ে আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দিতে হবে, তারেক রহমানকে মিথ্যা মামলায় বিদেশ পাঠিয়ে দিতে হবে কারণ এদের প্রতিদ্বন্দীতা করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। বিএনপির ৪০-৫০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে জেলে পাঠাতে হবে কারণ তাদের যে গণতান্ত্রিক স্পৃহা আছে তা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নেই।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ