প্রধানমন্ত্রীর জন্মদিনে আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৭০ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৭০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

 

রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু`গ্রুপের সংঘর্ষে অন্তত ৭০ জন আহত হয়েছে। এতে এমপি সমর্থক এবং উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে দলীয় নেতকর্মী, পুলিশ সদস্য এবং সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

এ সময় লাঠিসোটা দেশীয় অস্ত্রসহ উভয় দলের নেতাকর্মী এবং সমর্থকরা রংপুর বগুড়া মহাসড়কের আন্ডারপাসের উত্তর এবং দক্ষিণ প্রান্তে অবস্থান নেন। একে অপরের দিকে ধাওয়া দিয়ে শক্তির প্রদর্শন করে উভয় পক্ষ। ইটপাটকেল ছোড়াছুড়িতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত পুরো এলাকা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে স্হানীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমানের সমর্থক এবং নেতাকর্মীরা। একই সময় মিঠাপুকুর আন্ডারপাসের নিচে উপজেলা চেয়ারম্যান সমর্থকেরাও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। দীর্ঘদিন থেকে দলীয় মনোনয়ন নিয়ে এমপি পুত্র রাশেক রহমানের অনুসারী এবং উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের অনুসারীদের মধ্যে গ্রুপিং এবং প্রকাশ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে এই সংঘাত বলে বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক নেতাকর্মী।

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার জানান, শান্তিপূর্ণভাবে আমরা আজকের আলোচনা সভা করার চেষ্টা করছিলাম। এ সময় বিশেষ কারও ইন্ধনে তার অনুসারীরা আমাদের সভাস্থলের চেয়ার, টেবিল ভাঙচুর চালায় এবং লাঠিসোঠা নিয়ে আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করে। তবে কতজন আহত হয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি।

একই দাবি করেন এমপি সমর্থক এবং তার অনুসারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জাকির হোসেন সরকারের লোকজন আমাদের ছেলেদের মারধর এবং ঢিল ছুঁড়তে থাকে এতে কয়েকজন গুরুত্বর আহত হন। আহতদের হাসপাতাল ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে ছিল। মিঠাপুকুর থানা পুলিশ এবং রিজার্ভ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ