ঢাকায় জামায়াতের ব্যাপক শোডাউন লাগাতার কর্মসূচির ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৫৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় জামায়াতের ব্যাপক শোডাউন লাগাতার কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৫, ২০২৩ ২:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ সব বিরোধী দলীয় নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। রবিবার (১৫ অক্টোবর) সকালে মতিঝিল শাপলা চত্বরে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ২০ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিতি ছিল বলে দাবি করেছে দলটি। তবে সমাবেশ শেষে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ করেছে জামায়াত।

এর আগে, গত ১১ অক্টোবর একই স্থানে মিছিল ও সমাবেশ করে দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে মিছিলটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু করে ইত্তেফাক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণের আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতন্ত্র ও সাংবিধানিক সংগঠন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। আমরা ভোট এবং ভাতের অধিকারের জন্য রাস্তায় নেমেছি। তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ঘরে ফিরব না। অবিলম্বে সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা মাঠে নেমেছি- এখন থেকে আমরা লাগাতার কর্মসূচি পালন করব। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার দিতে হবে।

প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, দেশ যেমন আপনাদের দেশ আমাদেরও। আপনারা এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে করে দেশ বিপদে পড়ে। পুলিশ প্রশাসন আমাদের বন্ধু। আমরা কাউকে শত্রু মনে করি না। আমরা চাই, আমাদের সব কর্মসূচি স্বাধীনভাবে পালনের অনুমতি দিতে হবে।

এ সময় আরও উপস্থিতি ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্য নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ