নিত্যপণ্যের বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই : ডা: ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিত্যপণ্যের বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই : ডা: ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নিত্যপণ্যের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। জনগণের ক্রয়ক্ষমতা না বাড়লেও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ এখন চরমে উঠেছে।

মঙ্গলবার লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে উদ্বেগ, উৎকণ্ঠা ও প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন।

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়ে ডা: ইরান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত সাধারণ জনগণ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের মূল্য পরিস্থিতি এখন সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে। তাই আজ জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। জনগণকে সুফল দিতে হলে দ্রুত রেশনিং, টিসিবি, ন্যায্যমূল্যের দোকান, সুস্থ বণ্টন ব্যবস্থা চালু, পাইকারি ও খুচরা বাজারে রাষ্ট্রের প্রভাব-সক্ষমতা সৃষ্টি করে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ডা: ইরান আরো বলেন, অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে। চাল, ডাল, আটা, তেল, তরকারি, মাছ, গোশত, পিঁয়াজ, রসুন, জিরাসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই ব্যস্ত রয়েছে। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কার্যকর কোনো পদক্ষেপই গ্রহণ করছে না। সরকার গণপ্রতিনিধিত্বশীল নয় বলেই তারা জনগণের কল্যাণে কোনো কাজ করে না। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই অগণতান্ত্রিক সরকারের পরিবর্তে গণপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় আগামী দিনে গণদুর্ভোগ বাড়বে বৈ-কমবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ