বিএনপি অলিগলিতে গেলেও পালানোর পথ পাবে না: কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি অলিগলিতে গেলেও পালানোর পথ পাবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগ এবার আটঘাট বেঁধে নেমেছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অলিগলিতে গেলেও পালানোর পথ পাবে না।

২৮শে অক্টোবর দলের সমাবেশ সফল করতে গতকাল তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে বলেন, গয়েশ্বর বাবু বলেছেন, অনুমতি না দিলে অলিগলি দখল করবে। অলিগলি দখল করলে নাকি সব দরজা খুলে যাবে গয়েশ্বর বাবুকে স্বাগত জানাতে। মনে নাই, আপনি কোরাল মাছের ঝোল খেয়ে আসছেন! এবার আপনার কপাল খারাপ। আমরা আটঘাট বেঁধে নেমেছি। অলিগলিতেও পালাবার পথ পাবেন না।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, রাস্তা ছাড়বেন না। আক্রমণ করবো না। এ পর্যন্ত করি নাই। তাদের (বিএনপি) ভগবান অবতার অনেক শক্তি আছে। অনেকে খবর নেয়।

আমরা আক্রমণে ছিলাম না। এইবার সতর্ক পাহারায় আছি। আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে। কোনো ছাড় দেয়া হবে না। কেন ছাড়বো? অপশক্তিকে রুখতে হবে একসঙ্গে।
দলের নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র নরম কথায় বিশ্বাস করবেন না। বিএনপি’র মুখে মধু অন্তরে বিষ। এরা বিশ্বাসঘাতক। এই দলকে বিশ্বাস করা যায় না।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে চেতনায়, মননে বাংলাদেশের জনগণ শপথ নিয়েছে। এবারই তাদের চূড়ান্তভাবে পরাজিত করতে হবে।

বিএনপি’র কর্মসূচির আগেই মাঠ দখলে রাখতে ২৬ অক্টোবর ও ২৭শে অক্টোবর ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘জেয়ছা কুকুর তেয়ছা মুগুর’ দিতে হবে। ২৮ তারিখের পরে যদি বিএনপি কোনো কর্মসূচি দেয় তাহলে আমাদের রাজপথে থাকতে হবে। ঢাকা শহরকে ‘জয় বাংলা’র নগরীতে পরিণত করতে হবে।

নানক বলেন, ২৮শে অক্টোবরকে কেন্দ্র করে ঢাকা শহরে সন্ত্রাসী ঢুকে পড়েছে। আওয়ামী লীগ গণমানুষের দল, এই নগরীর মানুষদের অনিরাপদে ছেড়ে দেয়া যাবে না। ২৮ তারিখ সকাল থেকে পাহারা বসাতে হবে। সারাদিন পাহারা দিয়ে দুপুর ২টায় নেতাকর্মী নিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশে’ হাজির হতে হবে। ১০ লাখ মানুষের উপস্থিতির মাধ্যমে প্রমাণ করতে হবে- এই দেশ জয় বাংলার দেশ। এদেশ বঙ্গবন্ধু’র দেশ। এদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ