লালমনিরহাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে শ্রমিক লীগ নেতার মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

লালমনিরহাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে শ্রমিক লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
লালমনিরহাটে বিএনপির ডাকে সারাদেশের হরতাল কর্মসূচিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুরুতর আহত জাহাঙ্গীর হোসেন (৪৮) নামে শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত গুরুতর আহত হয়েছেন আরও দুই আওয়ামী লীগ কর্মী। উন্নত চিকিৎসায় আহতদের ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জাহাঙ্গীর সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় বাফার গোডাউন লোড-আনলোড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং বেড়পাঙ্গা এলাকার আজিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে লালমনিরহাটের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে হরতালে সহিংসতা প্রতিরোধে বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ ও মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এরই এক পর্যায়ে সদর উপজেলার মহেন্দ্রনগরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে তিন আওয়ামী লীগ নেতাকর্মীকে কুপিয়ে জখম করে বিএনপি নেতাকর্মীরা।

আহতরা হলেন- মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গোকুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন ও আওয়ামী লীগ কর্মী বাবলু মিয়া।

গুরুতর আহত অবস্থায় প্রথমে সদর হাসপাতালে ও পরে তাদেরকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে জাহাঙ্গীর হোসেনের মৃত্যু হয়। এছাড়াও রাজু মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে সকাল সাড়ে দশটার দিকে সাপ্টিবাড়ি বাজারে সড়কে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম হরতাল বিরোধী মিছিল নিয়ে বের হলে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এসময় বিএনপির দুই কর্মীকে পিটিয়ে আহত করা হয়।

পরে সকাল এগারোটার দিকে আদিতমারী উপজেলা বিএনপি অফিসের সামনে মিছিল নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের দু’জন আহত হয়। এসময় বিএনপির অফিসের চেয়ার ও সাইনবোর্ড ভাংচুর করে আওয়ামী লীগ সমর্থকরা। পরে সেখান থেকে পালিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা।

বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন, হরতাল ও সহিংসতার বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা করে তিন আওয়ামী লীগ নেতাকর্মীকে কুপিয়ে যখম করে। জাহাঙ্গীর নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ