সকাল থেকেই উত্তেজনা সিলেটে দফায় দফায় সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৯, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সকাল থেকেই উত্তেজনা সিলেটে দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

 

ওয়েছ খছরু, সিলেট থেকে

সকাল থেকেই উত্তেজনা সিলেট নগরে। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে পুলিশ বাধা দেয়। এতে কয়েকটি স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের আগে ও পরে কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়। এতে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। বিএনপি’র ডাকা হরতালে সকালে জেলা বিএনপি’র নেতারা ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের কয়েকটি টিম ওই এলাকায় গেলে বিএনপি’র নেতাকর্মীরা চলে যায়। পরে পুলিশ ও স্থানীয় জনতা রাস্তা থেকে গাছ সরিয়ে দিলে হালকা যানবাহন চলাচল শুরু করে। সকাল ৯টার দিকে নগর বিএনপি’র সিনিয়র নেতা রেজাউল হাসান লোদী কয়েসের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি মিছিল নগরীর বন্দরবাজার এলাকা অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পড়ে।

সিটি করপোরেশনের সামনে পুলিশের সঙ্গে ওই মিছিলে থাকা নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি কর্মীরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘণ্টাখানেক পর উত্তেজনা দেখা দেয় নগরের জিন্দাবাজারে। কাজী ইলিয়াস এলাকা থেকে যুবদলের একটি মিছিল জিন্দাবাজার অভিমুখে আসার পথে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় যুবদলের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে যুবদল কর্মীরা কাজী ইলিয়াস গলির ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই এলাকা থেকে যুবদলের এক কর্মীকে আটক করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
তিনি জানিয়েছেন, পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট নগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর নেতৃত্বে বিএনপি’র একটি মিছিল সকাল ৮টা থেকে নগরে অবস্থান নেয়। মিছিলটি আম্বরখানায় এলাকায় থাকা যানবাহনে পিকেটিং করে। পরে দরগাহ গেট এলাকায় পৌঁছে রাস্তায় চলাচলকারী একটি রিকশায় আগুন দেয় এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এক সাংবাদিকের মোটরসাইকেলও ভাঙচুর করে তারা। দরগাহ গেট থেকে চৌহাট্টা হয়ে মিছিলটি সুবিদবাজার যায়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গেলে বিএনপি নেতাকর্মীরা চলে যায়। একই সময় নগরের জেল রোডেও বিএনপি’র কর্মীদের ধাওয়া করে সরিয়ে দেয় পুলিশ। দুপুরের পর মিফতাহ সিদ্দিকী ও নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বন্দরবাজার এলাকায় মিছিল বের করা হয়। এ সময় বিএনপি’র নেতাকর্মীরা সমাবেশও করে। মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, হরতাল পালনে সিলেটে আমরা যারা মাঠে ছিলাম বার বার পুলিশ তাদের বাধা দিয়েছে। এদিকে বেলা একটার দিকে পুলিশ নগরীর ভাতালিয়া এলাকায় নগর বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালীকে আটক করে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ জানায়- পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তাকে আটক রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন, পুলিশ বিএনপি’র অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করেছে। আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে, গুলি ছুড়ে অন্তত ৫-৬ জন নেতাকর্মীকে আহত করেছে। পুলিশের বাধা উপেক্ষা করে দুপুরে জেলা ও নগর বিএনপি’র নেতাকর্মীরা বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন বলে জানান তিনি। দুপুরে সিলেট নগরীর সুরমা পয়েন্ট এলাকায় হরতাল বিরোধী শান্তি সমাবেশ করে জেলা ও নগর আওয়ামী লীগ। এতে শতাধিক মোটসাইকেল নিয়ে বহরটি মিছিল সহকারে এসে যোগ দেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, বিএনপি’র গতকালের সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের সেই পুরোনো চেহারা জাতির সামনে আবারো তুলে ধরেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ