সংলাপের আহ্বান জানিয়ে বিএনপিকে ইসির চিঠি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে অন্য দলের পাশাপাশি বিএনপিকেও আলোচনায় অংশ নিতে চিঠি দিয়েছে ইসি।
বুধবার (১ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক বিএনপি মহাসচিব বরাবর চিঠিটি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান অনুসারে একাদশ জাতীয় সংসদের মেয়াদপূর্তির কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের মূল অংশীজন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্বপ্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আগামী ৪ নভেম্বর এক আলোচনা সভার অয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানটি নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করবেন এবং নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। সভায় আপনার দলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আপনাদের কর্তৃক মনোনীত দুজন উপযুক্ত প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য কমিশন অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, আগামী শনিবার ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে।
এর আগেও সংলাপের জন্য বিএনপিকে চিঠি দিয়েছিল ইসি। কিন্তু ইসির সেই ডাকের সাড়া দেয়নি দলটি।
জনতার আওয়াজ/আ আ