সরকারের অলটারনেট গণতন্ত্রের ফানুস চুপসে গেছে: ড. মঈন খান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকারের অলটারনেট গণতন্ত্রের ফানুস চুপসে গেছে: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১১, ২০২৩ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১১, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান । ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০২৪ সালে এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস ইতিমধ্যেই ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে।

শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. মঈন খান বলেন, ‘এ মুহূর্তে সরকার একতরফা তফসিল ঘোষণা করলে তারা পুনরায় এটাই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরং একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকারি দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনি বৈতরণী পার হওয়া যাবে। তারপর যেনতেন প্রকারে একটা গৃহপালিত বিরোধীদল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’ সংসদের নাটক মঞ্চস্থ করবে। এখন ২০১৪ বা ২০১৮ সাল নয়। ২০২৪ সালে এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের ‘অলটারনেট গণতন্ত্রের’ ফানুস ইতিমধ্যেই ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে। এখন দেশের ভেতরেই হোক বা বাইরেই হোক, সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে যে, বিরোধী দলের ওপর ক্র্যাকডাউন করে এবং তাদের সংগঠনের উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করে একতরফা প্রহসনের নির্বাচনের তামাশা শুরু করেছে। এর মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে, তবে গণতন্ত্র নয়।’

ড. আব্দুল মঈন খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সবকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার হরণ করেই চলবে, এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ