শেখ হাসিনার নীতি, হয় আমাকে সমর্থন করো না হলে নিশ্চুপ থাকো: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার নীতিই যেন- হয় আমাকে সমর্থন করো না হলে নিশ্চুপ থাকো। আওয়ামী শাসকগোষ্ঠীর উগ্র-প্রচারের বিরুদ্ধে টু-শব্দ করতে পারবে না।
তিনি বলেন, ‘লুণ্ঠন আর হত্যা যেন কোনো অমানবিক কাজ নয় ক্ষমতাসীনদের কাছে। শেখ হাসিনা লেলিয়ে দিয়েছেন তার পেটোয়া বাহিনীকে। যারা মনে করে লুটপাট, সহিংসতা ও হত্যা যেন তাদের দলীয় কর্তব্য। যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা যে সহিংস আক্রমণের দৃষ্টান্ত দেখিয়ে আসছে সেকারণেই তাদেরকে ধন-সম্পত্তি আর লুটপাটের সুযোগ করে দেওয়াটা যেন প্রত্যক্ষ পারিতোষিক। তবে এহেন হিংস্র আচরণে শেখ হাসিনা জনগণের সঙ্গে একটি দীর্ঘস্থায়ী শত্রুতায় লিপ্ত হয়েছেন যার পরিণতি হবে ভয়াবহ। অনাচার আর অপকর্মের সর্বোচ্চসীমা স্পর্শ করেছে আওয়ামী নাৎসীরা। শেখ হাসিনার তর্কাতীত ক্ষমতা ভোগ করার মনোভাব থেকে জন্ম নিয়েছে দুঃশাসনের বর্বর উপাদান। মানবতার অগ্রগতি ও রাষ্ট্র সমাজে শান্তির জন্য বেমানান শেখ হাসিনা।’
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, ‘সারাদেশে চলছে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে মাতম আর মর্সিয়া। কান্নার আহাজারিতে এক বিষণ্ন গুমোট অবস্থা বিরাজ করছে জন-সমাজে। হাতির ঝিলের বাসা থেকে বের হওয়ার সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে বর্বোরচিত আক্রমণ করে ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডাররা। প্রচণ্ড মারধরের পর রক্তাক্ত খোকনকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আইন প্রয়োগকারীসংস্থা আর সশস্ত্র আওয়ামী ক্যাডাররা একই সেনাদলে পরিণত হয়েছে। এদের কাজ শুধুমাত্র শেখ হাসিনার আক্রোশ বাস্তবায়ন করা।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘দুইজন শিশু বর্ষা ও নুরী চিৎকার করে কাঁদছে তার মায়ের মুক্তির জন্য। গোয়েন্দা পুলিশ শিশুদের পিতাকে না পেয়ে তার মাকে ধরে নিয়ে গেছে। এমনিভাবে ছয় বছরের শিশু সিয়াম বুকফাটা আর্তনাদ করছে তার কারাবন্দি বাবা আবুল কালামের জন্য। পিতা আব্দুল হাইয়ের তিন সন্তানকে কারান্তরীন করা হয়েছে। এদের মধ্যে এক ছেলের হয়েছে ১০ বছর সাজা। আরেক ছেলেকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেফতার করে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনার বর্ণনা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। বিএনপির নেতা-কর্মীরা এক কঠিন সময় পার করছে। অনেকটা দেশ ছাড়া উদ্বাস্তুর মতো। সহায় সম্বলহীন নিঃস্ব তারা। বিগত ১৫ বছরে অনেককে চাকুরীচ্যুত করা হয়েছে, চাকুরি থাকলেও কোনো পদোন্নতি পায়নি, ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয়েছে, দোকান-পাট, বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে এর উপর এখন ঘর ছাড়া, বাড়ি ছাড়া, এলাকা ছাড়া নেতা-কর্মীরা ধান ক্ষেতে মশারি টানিয়ে ঘুমানোর দৃশ্য দেশবাসী দেখেছে, সুপারির বাগান, ফলের বাগান এবং রান্না ঘরের লাকড়ি রাখার স্তুপের মধ্যে কোনো রকমে জায়গা করে রাত পার করছে বিএনপির নেতা-কর্মীরা। রাষ্ট্র এখন তার নাগরিকদের জীবন আর সম্পদের নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। রাষ্ট্র বলতেই এখন শুধুমাত্র শেখ হাসিনা। বিএনপির নেতা-কর্মীদের যেন মানবাধিকার থাকতে নেই। সংবিধানে যতটুকু মানবাধিকার আছে সেই অধিকার প্রয়োগেরও অধিকার নেই বিএনপির নেতা-কর্মীদের। হত্যা, লুণ্ঠন ও বন্দি হওয়াই যেন তাদের ভাগ্যের লিখন।’
রিজভী বলেন, ‘আজ সকাল ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে যা আগামীকাল ভোর ৬টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। বিএনপিসহ সমমনা দলগুলো দূর্জয় গতিতে জীবন বাজি রেখে এই শান্তিপূর্ণ কর্মসূচিগুলি পালন করছে। সরকারের রক্তচক্ষু, চোখ রাঙানী, গ্রেফতার অভিযান, নিষ্ঠুর দমন-পীড়নের মধ্যেও অকুতোভয়ে নেতা-কর্মীরা তাদের দুরন্ত মিছিল অব্যাহত রেখেছে। বিএনপি ও সমমনা দলগুলোর চলমান কর্মসূচি সংলাপহীন সত্যের অবমাননার প্রতিবাদে, সমাজে দূর্বিনীত বর্গীরাই এখন পরম অতিথি-এদের বিরুদ্ধে এবং পদলেহীদের দেশ নিলামের প্রতিবাদে। জমাটবাধাঁ কান্নার পাহাড় থামাতে বিভেদের বিভীষিকা দূরীভুত করতে চোখ বাধাঁ মানুষের দীর্ঘ সারি প্রসারিত করতে না দিয়ে শেখ হাসিনার পদত্যাগসহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং বিএনপির মহাসচিবসহ সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি সফল করতে সকলে এগিয়ে আসুন।’
সারাদেশে হামলা মামলা গ্রেফতারের বিবরণ তুলে ধরে তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেফতার ৩৬৫ জনের অধীক নেতাকর্মী। মোট মামলা ১৪টি। মোট আসামি ১ হাজার ৫৩০ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)। মোট আহত ৬৫ জনের অধীক নেতাকর্মী।’
জনতার আওয়াজ/আ আ