শ্রমিকদের ন্যায্য দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকার : শ্রমিক দল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রমিকদের ন্যায্য দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকার : শ্রমিক দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের শীর্ষ নেতারা।

আজ রোববার (৩ ডিসেম্বর) এক বিবৃতিতে এই মন্তব্য করেন নেতৃবৃন্দ।

শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী আলী খানকে গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর নিন্দা এবং মুক্তি দাবি জানিয়ে এই বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন- শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক কর্মচারী জাতীয় কনভেনশন- ২০২৩ এর প্রধান সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতদের ক্ষতিপূরণ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, আন্দোলনে গ্রেপ্তারকৃতদের মুক্তি, কর্মচ্যুতদের কাজে পুনর্বহাল ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সম্মিলিত শ্রমিক পরিষদ-এসএসপি ও জাতীয়তাবাদী শ্রমিক দল গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছিল। সেখান থেকে শ্রমিক দলের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী আলী খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

তারা বলেন, ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার ও সর্বগ্রাসী দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যে দেশবাসী আজ রাজপথে নেমেছে। আর তখনই সরকার মামলা, হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে শ্রমিক সমাজের মাঝে ভীতি সঞ্চার করতে শ্রমিকদলের সহসভাপতি মেহেদী আলী খানকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে শ্রমিকদের দাবি-দাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও একতরফা নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে চাচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক দলের সহসভাপতি মেহেদী আলী খানসহ সব রাজবন্দি ও শ্রমিক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। অন্যথায় হামলা, মামলা ও নির্যাতনে জড়িতদের শেষ পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ