'বিএনপি কবে আন্দোলনের ডাক দেবে, জনগণ অপেক্ষায় আছে' - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বিএনপি কবে আন্দোলনের ডাক দেবে, জনগণ অপেক্ষায় আছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ৯:৩৮ পূর্বাহ্ণ

 

সরকারের সিন্ডিকেট নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় দেশের বাজার পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, দেশ একটা নীরব দুর্ভিক্ষের মধ্য দিয়ে চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য গত কয়েকদিনে দেখেন-চাল থেকে শুরু করে সকল পণ্যের মূল্যের ঊধর্বগতি।

কি করে ঊধর্বগতি? পত্র-পত্রিকায় লেখা হচ্ছে এটা নজিরবিহীন যে আমাদের এখানে মূল্যস্ফীতি ঘটেছে।

‘একদিকে মূল্যস্ফীতি অন্যদিকে আমাদের টাকার মান কমে যাচ্ছে। কিসের জন্য? এই সরকারের দুঃশাসনের জন্য। গায়ের জোরে তারা সরকারে আছে, সিন্ডিকেট করে সরকারে আছে। ব্যবসা-বাণিজ্য তাদের আওয়ামী সিন্ডিকেটে হাতে। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে এই আওয়ামী লীগ সিন্ডিকেট, বলেন বিএনপির এই নেতা।

এই অবস্থার পরিবর্তনে আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনাসভার টেবিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। এদেশে যারা এই স্বৈরাচারী সরকারকে সমর্থন করে না তাদের বিরোধিতা করে, এদেশের গণতান্ত্রিক, দেশপ্রেমিক দল-জোট-ব্যক্তিকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য আমরা একটা প্রচেষ্টা চালাচ্ছি। আমরা খুব আনন্দিত, অনেক সাড়া পেয়েছি। তার চেয়ে বেশি আনন্দিত যে, জনগণের মধ্যে সাড়া আমরা সবচাইতে বেশি পেয়েছি। কারণ জনগণ আজকে ঐক্যবদ্ধ। কেবল একটি রাস্তায় নেমে কার্যকর আন্দোলন সৃষ্টি করতে হবে। সেই অপেক্ষায় জনগণ আছে।

খন্দকার মোশাররফ বলেন, সারা দেশের মানুষ এই সরকারের প্রতি বিক্ষুব্ধ, এই সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। তাই আজকে দেশের জনগণ চায় যত শিগগিরই এই সরকারের পতন, জনগণ চায় এদেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। তাহলে বাংলাদেশের সংকট প্রত্যেকটা সমস্যার সমাধান সম্ভব। গণতন্ত্রকে পুনরুদ্ধার সম্ভব, মানুষের অধিকার পুনরুদ্ধার সম্ভব, কথা বলার অধিকার পুনরুদ্ধার সম্ভব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব, অর্থনীতিতে যে লুটপাট হচ্ছে সেই লুটপাট বন্ধ করা সম্ভব।

এই সরকার ক্ষমতায় থাকলে এদেশে কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না, গ্রহণযোগ্য নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, তারা অতীতের নির্বাচনগুলোতে প্রমাণ করেছে। আজকে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত। অতএব এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই।

২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপপলস পার্টির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনাসভা হয়।

এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির আবদুস সালাম, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, এনডিপির আবু তাহের, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ