সরকার দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে: সমমনা জোট - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে: সমমনা জোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ২:৩৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। জনমত উপেক্ষা করে দমন-পীড়নের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নীল নকশা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, হালুয়া রুটি খাওয়ার জন্য সরকারের উচ্ছিষ্টভোগীরা আজ দেন দরবারে ব্যস্ত। আওয়ামী লীগের আর্শিবাদপুষ্ট দলও নৌকাকে বিশ্বাস করে না। তাই জয়লাভ নিশ্চিত করতে তারা নৌকা প্রত্যাহার চায়।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে এক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর হয়ে পুনরায় পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে এ মিছিল করে সমমনা জোট।

ফরহাদ বলেন, সরকার কৌশলে সকল বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করছে। আর তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এই অবৈধ নির্বাচনের প্রক্রিয়ায় যারাই জড়িত থাকবেন, তাদেরকে দেশের জনগণের কাছে একদিন জবাবদিহি করতেই হবে।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, মো. ফখরুজ্জামানসহ জোটের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ