বিএনপির শেখানো গণতন্ত্রের পথে দেশের মানুষ হাঁটতে চায় না: কাদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির শেখানো গণতন্ত্রের পথে দেশের মানুষ হাঁটতে চায় না: কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ

 

‘বিএনপির শেখানো তথাকথিত গণতন্ত্রের পথে এ দেশের মানুষ আর হাঁটতে চায় না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ ছাড়া ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশি নাগরিক হয়ে কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন’—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। রবিবার (৫ জুন) সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংয়ের সময় এ প্রশ্ন করেন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির মহাসচিবের কাছে আরও জানতে চান—‘তারেক রহমানের মতো একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কত টাকা বিনিয়োগ করলে বিদেশি নাগরিকত্ব পাওয়া যায়?’

এ ছাড়া ‘তারেক রহমান বিনিয়োগকৃত টাকা মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করেছে’ বলেও জানান ওবায়দুল কাদের।
বিএনপিনেতাদের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কথা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান হ্যাঁ/না ভোটের মাধ্যমে কোন গণতন্ত্র রক্ষা করেছিলেন?’

ওবায়দুল কাদের বলেন, ‘জিয়াউর রহমান সেনাপ্রধান হিসেবে অবৈধভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা, ১৯৭৭ সালে বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচন, ’৭৯ সালে সংসদ নির্বাচন, ’৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনসহ প্রতিটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ।’
‘মাগুরার নির্বাচনের কথা জনগণ এখনও ভুলে যায়নি’ উল্লেখ করে ওবায়দুল কাদের প্রশ্ন করেন—‘খালেদা জিয়ার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন, ২০০৬ সালে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটারসহ নির্বাচনের প্রচেষ্টা কোন গণতন্ত্র? নির্বাচনকালে বিএনপির সন্ত্রাস, ভোট কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল মারা, প্রতিপক্ষ নেতাকর্মীদের হত্যা, ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া কি বিএনপির গণতান্ত্রের নমুনা?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির শাসনামলে কথা উল্লেখ করে আরও বলেন, ‘বিএনপি এ দেশের ইতিহাসে যে ঘৃণ্য নজির সৃষ্টি করেছে, দেশের মানুষ তা এখনও ভুলে যায়নি।এ ছাড়া ‘বিএনপির শেখানো তথাকথিত গণতন্ত্রের পথে এ দেশের মানুষ আর হাঁটতে চায় না’ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যাদের শাসনামলে দেশ পরপর পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্ক তিলক পরেছিল এবং দলের গঠনতন্ত্র থেকে যে দল দুর্নীতিবিরোধী সাত ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলে বিচরণের পথ উন্মুক্ত করে, তারাই আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল, তারাই দুর্নীতির পৃষ্ঠপোষক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ