নৌকায় চড়েও নিজভূমেই পরাজয়ের ঝুঁকিতে মেনন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নৌকায় চড়েও নিজভূমেই পরাজয়ের ঝুঁকিতে মেনন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ১১:৩৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির নিজ এলাকা বরিশালের বাবুগঞ্জ। তিনি এই উপজেলার বাহেরচর গ্রামের সন্তান পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুর জব্বার খানের ছেলে। মেনন এখান থেকে ১৯৭৯ ও ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এখানেই এবার নতুন পরিবেশে নতুন পরিচয়ে মেননকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই নির্বাচনে সাবেক সহযোদ্ধারাই হতে পারেন তাঁর মূল প্রতিদ্বন্দ্বী। এমনটা হলে তাঁর জয়ের হিসাব অনেক জটিল হবে।

১৪ দলের সিদ্ধান্ত অনুযায়ী মেনন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জোটের প্রার্থী। ফলে ২৩ বছর পর মেনন আবার নিজ এলাকায় প্রার্থী হয়ে ফিরলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি সর্বশেষ প্রার্থী হয়ে হাতুড়ি মার্কায় ৮ হাজার ৩৫৩ ভোট পেয়ে পাঁচজন প্রার্থীর মধ্যে সর্বশেষ অবস্থানে ছিলেন। তখন তাঁর আসনটি ছিল বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলা নিয়ে। ২০০৮ সালের আসন বিন্যাসে এবার তাঁর নির্বাচনী এলাকা হচ্ছে বাবুগঞ্জ-মুলাদী। জোটের প্রার্থী হিসেবে প্রতীক নৌকা।
স্থানীয়দের মতে, ওয়ার্কার্স পার্টির পরিচয়ে জয়ী হওয়ার সক্ষমতা নেই মেননের। তাঁর জয়ের মূল ভরসা আওয়ামী লীগ। এ দলটির স্থানীয় নেতাকর্মীরা মেননের পক্ষে ঐক্যবদ্ধ না হলে ২০১৮ সালের মতো নৌকার প্রার্থী হয়েও পরাজয়ের ঝুঁকি থেকেই যাবে। মেননের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু ও আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান।

জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আতিকুর ওয়ার্কার্স পার্টির যুব সংগঠন যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। মেনন মহাজোট সরকারের মন্ত্রী থাকার সময় তিনি তাঁর সার্বক্ষণিক সঙ্গী ছিলেন এবং মেননের রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়গুলো তিনিই দেখভাল করতেন। বিরোধের জেরে আতিক আওয়ামী লীগে যোগ দিয়ে এখন ওয়ার্কার্স পার্টির প্রতিপক্ষ। ২০১৮ সালের নির্বাচনে এ আসনে ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক শেখ টিপু সুলতান নৌকার প্রার্থী হলে আতিক হন স্বতন্ত্র প্রার্থী। ফলাফলে নৌকার শেখ টিপুর অবস্থান হয় তৃতীয়। আতিক এবারও স্বতন্ত্র প্রার্থী।
মেনন নৌকার প্রার্থী হওয়ায় আতিক লড়াইয়ে থাকবেন কিনা জানতে চাইলে তিনি শুক্রবার সমকালকে বলেন, ‘এখন পর্যন্ত দলের সিদ্ধান্ত হলো, স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। দলের এ সিদ্ধান্ত বহাল থাকলে আমি প্রতিদ্বন্দ্বিতায় থাকব।’ তিনি দাবি করেন, দুই উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁর সঙ্গে আছেন।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন সমকালকে বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ (জেলা আওয়ামী লীগ সভাপতি) আমাদের নেতা। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।

গত নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও ওয়ার্কার্স পার্টির প্রার্থী হেরেছে। এবার কী হবে জানতে চাইলে দলটির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু সমকালকে বলেন, ‘ইতিহাসে সবসময় একই ঘটনার পুনরাবৃত্তি হয় না’। তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কোন্নয়নে তারা সব ধররেন চেষ্টা করে যাচ্ছেন। মেনন কাল রোববার এলাকায় এসে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে বসবেন।

আঁতুড়ঘরেই সংকটে ওয়ার্কার্স পার্টি
পাকিস্তান আমল থেকে মেননের বাবা আব্দুল জব্বার খানের পরিবারের প্রভাব ছিল ব্যাপক। আশির দশকে ওয়ার্কার্স পার্টি গঠনের পর নিজের এলাকায় শক্তিশালী সংগঠন গড়ে তোলেন মেনন। তখনকার নির্বাচনী আসন বাবুগঞ্জ ও উজিরপুরে উপজেলায় স্থানীয় সরকার পরিষদের প্রায় সব জনপ্রতিধি ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত হতেন।
বিভিন্ন স্তরের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে এ আসনে মেননের বোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ধানের শীষের প্রার্থী হন। মেনন তখন ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী হয়ে এমপি হন। এরপর থেকেই ঘাঁটিতে অস্তিত্ব সংকটে পড়ে দলটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ