‘কৃষিমন্ত্রীর বক্তব্য স্পষ্ট, পরিকল্পিত ভাবেই নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘কৃষিমন্ত্রীর বক্তব্য স্পষ্ট, পরিকল্পিত ভাবেই নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের বক্তব্য স্পষ্ট হয়েছে যে কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়, বিরোধীদের দমনে পরিকল্পিতভাবেই বিএনপির নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পাশাপাশি সত্য উচ্চারণের জন্য আওয়ামী লীগ নেতা কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে ধন্যবাদও জানান তিনি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

সাইফুল হক বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবেই যে জেলে ঢুকানো হয়েছে রোববার একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই সত্য প্রকাশ করার জন্য সরকারি দলের নেতা কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে ধন্যবাদ জানাচ্ছি। আর কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়। বরং বিরোধীদের দমনে রাজনৈতিক হিসাব নিকাশ থেকেই যে পাইকারী হারে ২০ হাজারের উপর বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তাও এখন স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপিসহ বিরোধী দলসমূহকে নির্বাচনে আনার চাপ তৈরি করতেই যে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে কৃষিমন্ত্রীর সাক্ষাৎকারে তাও পরিস্কার হয়েছে। বিএনপি নির্বাচনে আসতে রাজী হলে একরাতের মধ্যেই গ্রেপ্তার করা নেতাকর্মীদের যে মুক্তি দেয়া হতো তাও তিনি খোলাসা করেছেন।

সাইফুল হক আরো বলেন, সরকার রাজনৈতিক বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে কিভাবে দমন-নিপীড়নের আশ্রয় নেয়, গ্রেপ্তারের ক্ষেত্র তৈরি করতে কিভাবে নাশকতা, আগুন সন্ত্রাসসহ নানা অভিযোগ দায়ের করে প্রকারান্তরে তাও বেরিয়ে এসেছে। এরআগে অগ্নিসন্ত্রাস আর নাশকতার মামলায় গ্রেপ্তারকৃত ব্যারিস্টার শাজাহান ওমরের আকস্মিক জামিন এবং পরের দিন নৌকা মার্কার নির্বাচনের প্রার্থী হওয়ার নাটকীয় ঘটনার মধ্যেও সরকার এবং সরকারি দলের নানা

অপকৌশলের প্রমাণ মিলেছে। কিন্তু সরকার ও সরকারি দলের নানা অপকৌশল ও অপতৎপরতার পরও ৭ জানুয়ারীর নীলনকশার পাতানো নির্বাচন কোন গ্রহণযোগ্যতা পায়নি এবং পাবে না।

তিনি অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ও ফরমায়েশী রায়ে সাজাপ্রাপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ