জনগণের মতামতকে উপেক্ষা করে দেশে একটা ভারতীয় নির্বাচন হচ্ছে : নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের মতামতকে উপেক্ষা করে দেশে একটা ভারতীয় নির্বাচন হচ্ছে : নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ২:০৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জনগণের মতামতকে উপেক্ষা করে দেশে একটা ভারতীয় নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, একজন ব্যক্তি অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পুলিশ, র‍্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠানকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ক্ষমতায় থাকার জন্য তিনি মানুষের মধ্যে সামাজিক বন্ধনকে ধ্বংস করেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক দফা দাবিতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। মিছিলটি রাজধানীর পুরানা পল্টন, বিজয়নগর মোড়, আলরাজি কমপ্লেক্সের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভারতকে উদ্দেশ্য করে নুর বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের স্বাধীনতা সহযোগিতার কথা বলে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছে। ভারত পাকিস্তানকে দুর্বল করার জন্য যুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছে। ভারত বাংলাদেশের জনগণের জন্য সহযোগিতা করেনি। সেজন্য দেশ স্বাধীনের পর পরই ইন্দিরা গান্ধী শেখ মুজিবকে ওআইসি সম্মেলনে যেতে নিষেধ করেছিল। শেখ মুজিব যখন ওআইসি সম্মেলনে যাওয়ার কারণে ভারত তাকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে। ’৭৫ এর পরিস্থিতি পাকিস্তান থেকে সংগঠিত হয়নি এটি দিল্লি থেকে হয়েছে। বাংলাদেশকে নেতৃত্বহীন করার জন্য এমন পরিস্থিতি ঘটানো হয়েছে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে তাদের এজেন্ট তৈরি করেছে। আজকে আমরা যখন গণতন্ত্রের জন্য লড়াই করছি,সমগ্র পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের পাশে দাড়িয়েছে তখন ভারতীয় গুপ্তচরেরা এদেশে ভারতীয় সাবেক হাইকমিশনারদেরকে এনে নির্বাচনের পক্ষে সাপাই গাওয়াচ্ছে। আন্দোলনের মাধ্যমে ভারতীয় গুপ্তচরদেরকে চিহ্নিত করে এদেশের মাটি থেকে উৎখাত করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে দেশে একটা ভারতীয় নির্বাচন হচ্ছে।

নুর বলেন, এদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, গণঅধিকারসহ সকলের। প্রধানমন্ত্রীকে বলতে চাই, ভারতের কথায় দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবেন না। আপনি সংসদ ভেঙে দিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করেন। আওয়ামী লীগকে নিঃশেষ করা, বিএনপিকে নিঃশেষ করা এ ধরনের রাজনীতি আমরা চাই না। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে রাজনৈতিক সমঝোতা করে দু-এক বছরের জন্য জাতীয় সরকারের অধীনে ক্ষমতা দিয়ে দেশকে রক্ষা করুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ