দেশে গণতন্ত্র এখন পুলিশের নজরদারিতে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে গণতন্ত্র এখন পুলিশের নজরদারিতে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দেশের গণতন্ত্র এখন পুলিশের নজরদারিতে বন্দি বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যেন মাস্তানের মতো কথা বলছেন। বিশেষ করে পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান যে ভাষায় কথা বলেন, তা সম্পূর্ণ ছাত্রলীগের নেতাদের মতো। তিনি রাতের আঁধারে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল ও কৃষকদল নেতা মেহেদী হাসান পলাশকে ধরে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করছেন। সবকিছুই মনিটরিং করছে সরকার আর বাস্তবায়ন করছে তার আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে রিজভী আরও বলেন, আমরা কিন্তু বেলুচিস্তান ও রাজস্থান থেকে আসিনি। আমরা এদেশের সন্তান। মনে রাখবেন, এসবের হিসাব কিন্তু জনগণের কাছে দিতে হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত যত নাশকতাকারীকে হাতেনাতে ধরা হয়েছে, তার সবই ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন। যেভাবে ২০১৩-২০১৪ সালে সরকার ও তার সংস্থার লোকেরা পরিকল্পিতভাবে নাশকতা করেছে, এখনও তেমনই করা হচ্ছে। আজকে সব ধরনের ’গুম’ খুনের সঙ্গে সরকারের লোকজন জড়িত। সবই হচ্ছে সরকারের নির্দেশে। বগুড়ায় দুই নেতাকে এরইমধ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছেই আছে। কিন্তু তাদের কোনো সন্ধান দিচ্ছে না।

‘নির্বাচন ইস্যুতে কোনো বিশৃঙ্খলা হলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’-গোয়েন্দা প্রধানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আমরাও কিন্তু সংবিধান পড়েছি। সুতরাং আপনারা নিজেরাও সংবিধান ভালোভাবে পড়ুন। আওয়ামী লীগ পুরোদমে একদল ও ব্যক্তির শাসন কায়েম করতে চায়। কিন্তু এর বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী মানুষ লড়াই সংগ্রাম করছেন। জোর জবরদস্তি করলেও তারা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। ভোট দিতে যাওয়া না যাওয়ার অধিকার মানুষের রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ