ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৪ আসনে ভোটের মাঠে দাগী আসামি ও সন্ত্রাসীরা ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। গত কয়েকদিনে এসব সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন লোকজনকে মারধর করেছে। ভয়ে কেউ থানা পুলিশে অভিযোগ পর্যন্ত করতে পারছেনা। তে ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।
জানা গেছে, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী ওমর ফারুক কচির অন্যতম সহযোগী রানা ওরফে পিচ্ছি রানার দলবল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় মহড়া দিচ্ছে। একটি বিশেষ মার্কায় ভোট প্রদানের জন্য ঢাকা-৪ আসনের পোস্তগোলা ও শ্যামপুর এলাকায় বাড়ি বাড়ি যেয়ে ভোটারদের চাপ প্রয়োগ করছে।
ইতোমধ্যে, তার কথামত ওই এলাকায় কাজ না করায় অন্তত ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তারা বাহিনীর ভয়ে পুলিশের কাছে অভিযোগও করতে পারছেনা বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী।
সূত্র জানায়, একাধিক অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টা মামলার আসামি পিচ্ছি রানা নির্বাচনকে কেন্দ্র করে আত্মগোপন থেকে বের হয়ে এসে শ্যামপুর এলাকার কিশোর গ্যাং সদস্যদের জড়ো করে নতুন বাহিনী গঠন করেছে। ওই বাহিনীর সদস্যদের মধ্যে পিচ্ছি সজল, পেটকাটা রনি, সাগর ও লুৎফরসহ অন্তত ২০ সদস্য সক্রিয় রয়েছে।
এদেরকে বিদেশে বসে লিড দিচ্ছে পলাতক শীর্ষ সন্ত্রাসী ওমর ফারুক কচি। ওই বাহিনীর সদস্যরা ইতোমধ্যে ওই এলাকার ভোটারদেরকে একটি বিশেষ মার্কার পক্ষে ভোট দিতে চাপ প্রয়োগ করছে। বিশেষ ওই মার্কার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ায় এলাকার সম্মানিত কয়েকজন ব্যাক্তিকে মারধর করেছে। ভয়ে তারা থানা পুলিশের কাছেও অভিযোগ করতে পারছেনা।
জনতার আওয়াজ/আ আ