‘খাদান’এ দেবের সঙ্গী হলেন যারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
আজ থেকে কয়েক দশক আগেও বলিউডে একই অভিনেতাকে বাবা-ছেলের চরিত্রে দর্শক গ্রহণ করতেন। কিন্তু সময়ের সঙ্গে সিনেমা আরও বাস্তবধর্মী হয়েছে। কিন্তু, ২০২৩-এ ‘জওয়ান’ সিনেমাতে শাহরুখ খানকে কিন্তু পিতা-পুত্রের চরিত্রে দর্শক গ্রহণ করেছেন। সিনেমা ব্লকবাস্টার। শাহরুখের মন্ত্রই কি এবার গ্রহণ করতে চলেছেন বাংলার সুপারস্টার দেব?
নতুন বছরের প্রথম দিনেই ‘খাদান’ সিনেমার ঘোষণা করেছেন দেব। কয়লা খনি অঞ্চলের রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই সিনেমাতে দেব দ্বৈত চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। শুধু তা-ই নয়, অভিনেতাকে নাকি শাহরুখের মতো পিতা-পুত্রের চরিত্রেই দেখা যাবে। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে দেবের প্রযোজনা সংস্থা বা সিনেমার অন্য প্রযোজক সুরিন্দর ফিল্মসের তরফে কোনও ঘোষণা করা হয়নি।
ক্যারিয়ারে এখনও পর্যন্ত কোনও সিনেমাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেননি দেব। সেখানে তার প্রথম উদ্যোগ যে দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর আগে জানানো হয়েছিল, এই সিনেমাতে দেবের বিপরীতে নায়িকার চরিত্রে থাকবেন ইধিকা পাল। জোর কদমে ছবির প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই সিনেমার বাকি চরিত্রদের নিয়ে অন্য খবর কানে আসছে।
শোনা যাচ্ছে, দেবের সঙ্গেই এই সিনেমাতে থাকবেন যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্ত। সূত্রের দাবি, দুই অভিনেতার সঙ্গেই নাকি প্রযোজকদের তরফে প্রাথমিক পর্যায়ে কথা হয়ে গিয়েছে। এখন সবটাই শুধু সময়ের অপেক্ষা।
এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘টেক্কা’ সিনেমার শুটিং শুরু করেছেন দেব। সিনেমাতে তার সঙ্গেই রয়েছেন রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায় এবং টোটা রায় চৌধুরী। আগামী মার্চ-এপ্রিল নাগাদ শুরু হবে ‘খাদান’-এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন সুজিত দত্ত।
জনতার আওয়াজ/আ আ