তমিজির জামিন শুনানিতে বিচারক : দেশে কি আইন আদালত বলে কিছু নেই - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তমিজির জামিন শুনানিতে বিচারক : দেশে কি আইন আদালত বলে কিছু নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৩, ২০২৪ ১২:০৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
গ্রেপ্তারের ২০ দিনের মধ্যেও ব্যবসায়ী আদম তমিজি হককে হাজির না করায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব এ অসন্তোষ প্রকাশ করেন। আদালত বলেন, গ্রেপ্তারের ২০ দিনের মধ্যে আদালতে হাজির না করে কীভাবে আসামিকে রাখা যায়। দেশে কি আইন-আদালত বলে কিছু নেই?

এদিন আদম তমিজি হকের পক্ষে তাঁর আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আদম তমিজি হক একজন মানসিক রোগী। মানসিক ইনস্টিটিউট বিকন পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১১ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। মানসিক অবস্থা খারাপ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় তাঁকে সেখানেই চিকিৎসাধীন রাখা হয়। পরে পুলিশের পক্ষ থেকে তাঁকে আদালতে হাজির করতে শ্যোন অ্যারেস্টের জন্য আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।

এদিন আদালত জানতে চান, তাঁকে কি চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করা হয়? আইনজীবী জানান, চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন আদালত জানতে চান, আদালতে না এসে তিনি কীভাবে সেখানে ছিলেন? আইনজীবী জানান, তাঁকে আদালতে আনা সম্ভব ছিল না।

আদালত বলেন, বাংলাদেশের একটা সংবিধান আছে। তাহলে সংবিধান ছিঁড়ে ফেলেন। গ্রেপ্তার হওয়ার পর ২০ দিনের মধ্যেও আসামিকে আদালতে হাজির করা হয়নি। এতদিন সেখানে কীভাবে থাকেন। দেশে কি আইন-আদালত নেই?

এর পর আদম তমিজি হকের জামিন আবেদন নাকচ করে দেন আদালত। পরে আদম তমিজি হকের আইনজীবী জানান, আইনের ব্যত্যয় ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অসন্তোষ প্রকাশ করেছেন আদালত।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথা লেখায় তমিজি হকের বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর তাঁকে চিকিৎসার জন্য মাদক নিরাময়কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়। রিহ্যাবে ভর্তি করিয়ে বিষয়টি আদালতে জানানো হয়। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়। গত ৪ জানুয়ারি আদম তমিজি হককে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ