কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ২২, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ২২, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অনেকেই ধারণা করেছিলেন কূটনৈতিক সংকট নিয়ে। তবে নির্বাচনের পরে কোনো কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই।
সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
কূটনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘সংকট আমি বলব না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলব। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন সেইরকম কোনো সম্ভাবনাই নেই।’
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, এমন বিষয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারত্ব) রয়েছে, সেইসব ডেভেলপমেন্ট পার্টনারশিপের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ এগুলো সবসময় প্রয়োজন হয়।
সেইসব সমস্যা এবং আমাদের আইনের যে অবকাঠামো- সেটা অনেকদিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেই সব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কি না, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, সেটা আমরা সবসময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।’
আনিসুল হক বলেন, ‘বিশেষ করে যেটা আলাপ করেছি- ওনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে ওনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে।’
জনতার আওয়াজ/আ আ