দীর্ঘ ৬৯ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন শ্রমিক নেতা বাবুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
দীর্ঘ ৬৯ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন গার্মেন্টস শ্রমিক সংহতির সেক্রেটারি বাবুল হোসেন। মঙ্গলবার রাত ৮টায় গাজীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এ তথ্য নিশ্চিত করেছেন গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গত ১০ই জানুয়ারি জামিন পেলেও আইনি জটিলতায় তিনি মুক্তি পাননি।
তাসলিমা আখ্তার বলেন, গত বুধবার বাবুলের কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। আমরা সেদিন জেলগেটে তার অপেক্ষায় ছিলাম।
বুধবার গাজীপুরের জেলার মো. তারিকুল ইসলাম বলেছিলেন, বাবুল হোসেনের জামিন হলেও আইনি জটিলতায় এখনই মুক্তি পাচ্ছেন না। কাগজপত্র ঠিক হলে তার মুক্তি পেতে বাধা নেই।
গত ১৪ নভেম্বর রাতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে বাবুলকে আটক করা হয়। পরে তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হলে আদালত রিমান্ডের আদেশ দেন।
২১ নভেম্বর দুটি নিম্ন আদালত মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর এ বছরের ১০ জানুয়ারি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
জনতার আওয়াজ/আ আ