নির্বাচন দিলেই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করে : আইনমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন দিলেই বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। বিএনপি-জামায়াত এখন ছোট-খাট বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করে। এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন এবং এই চেষ্টা যদি কেউ করে সেটা জানতে পারলে তাকে আইনের আওতায় আনার জন্য পদক্ষেপ নেবেন। আশা করি, আমরা যদি সজাগ থাকি, সচেতন থাকি বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টানা তিন বার কসবা-আখাউড়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হওয়ায় এবং তৃতীয় মেয়াদে আইনমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, প্রত্যেকবার যখন আমরা নির্বাচন দেই তখন বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করে। যাতে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে। নির্বাচন যাতে বাংলাদেশে না হয়। গণতন্ত্র যেন বাংলাদেশে প্রতিষ্ঠা না পায়। জনগণের সমর্থনে প্রত্যেকবার শেখ হাসিনা তাদের ষড়যন্ত্র ধ্বংস করেছেন।

আনিসুল হক বলেন, বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে তারা শেখ হাসিনার সরকার চায়। আমরা শেখ হাসিনার নেতৃত্বে নিম্নমধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশ হিসেবে সারা বিশ্বে মর্যাদার আসনে বসবে। আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করে রাখলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব।

বিপুল ভোটে নির্বাচিত করায় আনিসুল হক কসবা-আখাউড়াবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন সঠিকভাবে পালন করতে পারি। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন আনিসুল হক।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ-সরাইল আসনের সাবেক সংসদ সদস্য ড. শাহজাহান আলম সাজু। এ সময় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ