শেখ হাসিনা এই সংসদের কফিনে পেরেক মেরে দিয়েছে: মান্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
শেখ হাসিনা এই সংসদের কফিনে পেরেক মেরে দিয়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন,তিনি জনগনের গণতন্ত্রের সমস্ত কিছু নস্যাৎ করে দিয়েছে। আর অপরদিকে বেগম জিয়া মানেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্বপ্ন। এত অসুস্থতা নিয়েও তিনি (বেগম জিয়া) মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন। সরকার তাকেও ছাড়ছে না।
শুক্রবার (২ ফেব্রুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত সংসদের কফিনে পেরেক ও আন্দোলন এবং দেশনেত্রী বেগন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবকথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, মির্জা ফখরুলসহ অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে , গত পরশুদিন শুনেছি সরকার নাকি তাদেরকে ছেড়ে দিবে কিন্তু গতকালকে মির্জা ফখরুলের জামিন হয়নি। ২৮ অক্টোবরের দিন প্রধান বিচারপতির বাসভবনের গেইটে মির্জা ফখরুলের কোনও ছবি আছে? আমির খসরু মাহমুদের কোনও ছবি আছে? সেখানে তো বিএনপির কোনও লোক যায়নি। বিএনপির লোক মিটিং করেছে সেই ফকিরাপুলে আর বিচারপতির বাসভবন হলো কাকরাইল মোড়ে।
জাতিসংঘ তখন বিবৃতি দিয়েছে, ২৮ অক্টোবরের এই সন্ত্রাস সরকারি দল করেছে। সরকার তখন তাদেরকে জিজ্ঞেসা করেছে আপনারা এটা কিভাবে জানলেন? তখন জাতিসংঘ বলেছে, আমরা স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখেছি।
তিনি বলেন, একটা লোকও আ.লীগকে দেখতে পারে না। ৭ তারিখের নির্বাচন করে আ.লীগের নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যারা আছে তাদের সম্মান বলতে কিছুই নেই।
এরা সবাই ‘ফোরটুয়েন্টি’, প্রতারক। আ.লীগের লোকজন আগের মতো গরম গরম ভাব দেখাচ্ছে না। আ.লীগের লোক এখন শান্তিতে নাই। তাদের মুখ শুকিয়ে গেছে। আ.লীগের দিন বড় খারাপ। আ.লীগ এখন নিজেরাই বুঝতে পারছে না তারা কয়দিন ক্ষমতায় থাকবে। এর কারণ হলো, তিন মাস পরে পেঁয়াজ, ডাল এগুলো কেনার যদি টাকা না থাকে, চাকরিজীবিদের বেতন দেওয়ার মতো টাকা যদি না থাকে তাহলে এসরকার থাকবে কেমন করে?
তিনি বলেন, আমাদের আন্দোলন চলছে চলবে।এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের যাত্রা অব্যহত থাকবে।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, তাঁতি দলের যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, কৃষক দল নেতা মফিজুর রহমান লিটন, কাদের সিদ্দিকী, শফিকুল ইসলাম সবুজ, তোফায়েল হোসেন, আবুল হোসেন, রিয়াজ উদ্দিন, আফজাল হোসেন মৃধা, অহিদুল ইসলাম, ওবায়দুর রহমান, পাবনা জেলা বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়া, যুব জাগপার নেতা আমির হোসেন আমু, ছাত্রদল নেতা মাইনুল ইসলাম রুবেল, ইলিয়াছ আহমেদ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ