চূড়ান্তভাবে বরখাস্ত যুব উন্নয়ন অধিদপ্তরের ৪ কর্মকর্তা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫২, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চূড়ান্তভাবে বরখাস্ত যুব উন্নয়ন অধিদপ্তরের ৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
১৩ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের চার কর্মকর্তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত নেয়ার পর চূড়ান্তভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

বরখাস্তকৃতরা হলেন বরগুনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আশরাফ, মাগুরার উপপরিচালক ফরহাদ নূর, ঝিনাইদহের সহকারী পরিচালক ফজলুল হক এবং রাজধানীর গুলশান ইউনিটের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।

বরখাস্তকৃতরা ঢাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে থাকাকালে পারস্পরিক সহযোগিতায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি (এনএসপি) থেকে এ টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। গত ২৮ জানুয়ারি তাদেরকে চাকরিচ্যুতির জন্য মতামত চেয়ে পিএসসিকে চিঠি দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পিএসপি চাকরিচ্যুতির পক্ষে মতামত দেয়।

সরকারি উদ্যোগে উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষিত আগ্রহী বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে আগ্রহী করতে ২০১০ সালে এনএসপি নেয় সরকার। কর্মসূচির নীতিমালা অনুযায়ী কৃষি, শিক্ষা, পরিবার পরিকল্পনা, গবাদি পশু পালন, চরিত্র গঠনমূলক, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ১০ বিষয়ে তিন মাস প্রশিক্ষণের পর বেকার যুবকদের কাজে লাগাতে উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত ২০২১-২২ অর্থবছরে সিলেটের জকিগঞ্জে এ কর্মসূচির প্রায় আড়াই কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। ওই অভিযোগ তদন্ত করতে গিয়েই এই চার কর্মকর্তার ১৩ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ ও এ কাজে সহযোগিতা করার অভিযোগ ওঠে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ