ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের বগিভিত্তিক উপদল বিজয় এবং সিক্সটি নাইন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সংঘর্ষের শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চবির চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এখানে ১৫ জন চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল। তাদের চমেকে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদের সামনে বিজয় উপগ্রুপের এক কর্মীকে সিক্সটি নাইন গ্রুপের কিছু কর্মী মারধরর করে। ঘটনার জেরে রাতে গ্রুপ দুইটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একদিন না যেতেই দুপুরে আবারও এই সংঘর্ষের ঘটনা ঘটলো।

এসময় বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এবং সিক্সটি নাইনের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন। উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় গ্রুপের নেতাকর্মীরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশের সহায়তায় প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সিক্সটি নাইন গ্রুপের নেতা সাইদুল ইসলাম সাইদ বলেন, অভ্যন্তরীণ একটি ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ। মূলত উস্কানি দিয়ে এই সংঘর্ষ বাঁধানো হয়েছে। দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজয় গ্রুপের একাংশের নেতা সাখাওয়াত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর বিভাগের সমস্যা নিয়ে এই সংঘর্ষ বেঁধেছে। গতকাল এই বিষয়ে সমাধান করার জন্য তাদের সিনিয়রদের সঙ্গে কথা হয়। কিন্তু তারা আজ আমাদের কয়েকজন ছোটভাইকে অতর্কিত হামলা করেছে। এরপর সংঘর্ষ বেঁধেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ