যতই মার খাই, লাগাতার আন্দোলন চলবে: মান্না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এক মাঘে শীত যাবে না, যতই মার খাই, আমরা লাগাতার আন্দোলন করবো, কোন লুতুপুতু না। আমাদের যতজনই আছে আমরা ঘুরে দাড়াবো।
তিনি বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোন উদ্যোগ নেবে না। বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িতদের রক্ষা করতেই সরকার প্রতিবাদকারীদের উপর হামলা করছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে খুব বোকা মনে করে। কয়েকদিন আগে তিনি মজুদদারদের গণপিটুনি দিয়ে মেরে ফেলতে বলেছিলেন। পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ৬-৭ জন ব্যক্তি যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত। চাঁদাবাজ কি বিএনপি করে? আওয়ামী লীগের লোকেরাই করে। প্রধানমন্ত্রী সিন্ডিকেট দমন করতে পারে না, চাঁদাবাজি কন্ট্রোল করতে পারে না, তাহলে আছেন কেন?
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পুলিশের এক কর্মকর্তা আমাদের জমায়েতের ভেতরে এসে অবস্থান নিয়ে হ্যাডম দেখানোতে নেমে পড়েছিলেন। আমাদের আন্দোলনকারীরা তাকে একপাশে নিয়ে যেতে চেয়েছে। তখনই পুলিশ বাশি বাজিয়ে যেভাবে আক্রমণ শুরু করলো তা খুবই ন্যাক্কারজনক। গরু পেটানোর মতো পুলিশ আমাদের পিটিয়েছে। তিনি হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে আবারও সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে জানিয়ে তিনি আরও বলেন, মানুষ বাজারের আগুনে পুড়ছে, বিদ্যুতের দাম বাড়িয়ে তাদের আরও বড় দুর্যোগে ফেলতে যাচ্ছে সরকার। কোন রাজনৈতিক সরকার বর্তমানে দেশের ক্ষমতায় নেই। একটা দুর্বৃত্তায়িত মাফিয়া সিন্ডিকেট দেশের দখল নিয়েছে।
রাষ্ট্রসংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূইয়া বলেন, যেভাবে পুলিশ মাথা থেকে পা পর্যন্ত মেরেছে তা দেখে মনে হয়েছে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে। তারা পরিকল্পিত ভাবেই একটা ঝামেলা করার জন্য আন্দোলনকারীদের মেরেছে।
ভাসানী অনুসারি পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, বর্তমানে সরকার পুলিশ পরিচালনা করছে নাকি পুলিশ সরকার পরিচালনা করছে তা আমরা সন্দিহান।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লুটপাট, বিদেশে অর্থপাচারের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে সরকার জনগণের উপর ঝাপিয়ে পড়বে। এদের হটানো ছাড়া বাঁচার কোন উপায় নাই।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে বলেন, গতকাল (বুধবার) যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে আগামীতে দেশের গণতান্ত্রিক পরিসর আরও সংকুচিত হবে।
জনতার আওয়াজ/আ আ