এনডিআই-আইআরআই কী বলল তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনডিআই-আইআরআই কী বলল তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৭, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেওয়া প্রতিবেদনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা কী বলল না বলল, এতে কিছু আসে যায় না।

রবিবার (১৭ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় মার্কিন দুই সংস্থার রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, এনডিআই ও আইআরআই যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা স্বীকার করে নিয়েছে, অন্যান্য সময়ে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেসব নির্বাচনের তুলনায় এবার কম সহিংসতা হয়েছে। আর মানের কথা বলছেন, বাংলাদেশে যে সমস্ত নির্বাচন ইতোপূর্বে হয়েছে বা আমাদের উপমহাদেশে যে নির্বাচন হয় সেই তুলনায় এ নির্বাচনের মান অনেক উন্নত ছিল। একটি সুন্দর ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনডিআই ও আইআরআই কী বলল না বলল, এতে কিছু আসে যায় না। তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা সেটা দেখছি। কিন্তু দেশে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপিসহ তার মিত্ররা অংশগ্রহণ করেনি। বিএনপিসহ তাদের মিত্ররা শুধু নির্বাচন বর্জন নয় নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে। সুতরাং তাদের রিপোর্টে যদি এ বিষয়টা বা যারা এ নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন সময়ে দেশ-বিদেশে তাদের এ বিষয়টাও এড্রেস করতে হবে।

তিনি বলেন, বিএনপি যে নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে এবং শুধু প্রতিহত নয়, নির্বাচন প্রতিহত করার জন্য সহিংসতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে সে বিষয়গুলোও তো আসতে হবে।

সরকার প্রতিবেদন প্রত্যাখ্যান করছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রত্যাখ্যান বা গ্রহণ করার বিষয় নয়। তারা প্রতিবেদন দিয়েছে, আমরা প্রতিবেদনটা দেখছি এবং আমরা আমাদের বন্ধু রাষ্ট্র বা অন্য কেউ যে সমস্ত পর্যবেক্ষণ দিচ্ছে সেগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ