অনলাইন জুয়া ও মাদক দমনে সাঁড়াশি অভিযান শুরু করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনলাইন জুয়া ও মাদক দমনে সাঁড়াশি অভিযান শুরু করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

আগামী ৩০ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরই সারাদেশে শুরু হবে এই বিশেষ অভিযান, যাতে মাদক নির্মূলের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

সোমবার (২৭ এপ্রিল) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ‘জাতির কাছে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, মাদক ও জুয়া নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মন্ত্রী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ সিসা লাউঞ্জ এবং মাদক স্পটের বিরুদ্ধে অভিযান চলছে। সম্প্রতি গুলশানসহ রাজধানীর অভিজাত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের উত্থাপিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তার ছত্রছায়ায় বিভিন্ন অভিজাত এলাকায় অবৈধ সিসা বার গড়ে উঠেছিল। তবে বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ নিয়মিত অভিযানে এসব স্পট বন্ধ করে দিচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘অভিযানের পর সিসা বার এবং মাদক ব্যবসা বন্ধ করতে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা হয়েছে। যদি কোনো পুলিশ সদস্য এসব অবৈধ ব্যবসায় সহায়তা দেয়, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’

এছাড়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে অবৈধ প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করা এবং বন্ধ করার কার্যক্রম চলছে। ৩০ এপ্রিলের পর শুরু হওয়া এই বিশেষ অভিযানে জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অংশ নেবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ