অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনাকে হতাশ করে প্রথমবার চ্যাম্পিয়ন মরক্কো
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক
ছবি : সংগৃহীত
মাঠের ফুটবলে বল দখল থেকে আক্রমণ সবকিছুতে এগিয়ে থাকার পরও ফাইনালে হারতে হয়েছে আর্জেন্টিনার যুবাদের। অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে ফাইনালে ৭৬ শতাংশ বল দখলে রাখার পরও মরক্কোর কাছে হারতে হয়েছে ২-০ ব্যবধানে।
সোমবার (২০ অক্টোবর) চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দারুণ লড়াইয়ে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকার এই উদীয়মান দলটি।
ম্যাচের ১২ মিনিটে আফ্রিকার দলটি এগিয়ে যায়। গোল করেন ইয়াসির জাবিরি। সেই ব্যবধান প্রথমার্ধেই দ্বিগুণ করেন জাবিরিই ২৯ মিনিটে। ওথমান মামার নিখুঁত পাস থেকে গোলটি করেন তিনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করলেও, মরক্কোর রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলেন দুর্ভেদ্য। ‘অ্যাটলাস কাবস’ নামে পরিচিত দলটি প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথমবার ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় মরক্কো। অন্যদিকে, ২০০৭ সালের পর ফাইনালে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার এটি ছিল নবম ফাইনাল। সেমিতে মেসির উত্তরসূরিরা হারায় কলম্বিয়াকে ১–০ গোলে।
টানা ৬ ম্যাচ জিতে ফাইনালে পা রেখেও আর্জেন্টিনার যুবারা শিরোপা ঘরে তুলতে পারেনি। টানা জয়ে ফাইনালে জায়গা করে নেওয়ার পর লাতিন পরাশক্তিদেরই ভাবা হচ্ছিল ফেবারিট।
২০০৯ সালের পর মরক্কো হলো প্রথম আফ্রিকান দেশ যারা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জিতল। শেষবার ঘানা এই কীর্তি গড়েছিল।
জনতার আওয়াজ/আ আ