অন্তর্বর্তী সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায়: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রিত আছে, এটা মানবিক সংকট। এই সংকট একসময় বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি করতে পারে এবং যা নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়গুলো বৈশ্বিক আলোচনা থেকে হারিয়ে যেতে বসেছিল। কিন্তু অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপের কারণে রোহিঙ্গা ইস্যু বৈশ্বিক আলোচনায় ফিরে এসেছে।
বুধবার (২৩ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রেস সচিব এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর গত বছর জাতিসংঘ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। উনার অনুরোধে জাতিসংঘ একটি প্রস্তাব গ্রহণ করে।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে। ১৭০টি দেশ সেখানে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দোহার আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন। রোহিঙ্গা সমস্যাটি এখন কী পর্যায়ে রয়েছে, আমাদের এখন কী করণীয় ইত্যাদি তুলে ধরেন।
তিনি বলেন, থাইল্যান্ডের ব্যাঙ্ককে সম্প্রতি বিমসটেক সম্মেলনেও মায়ানমারের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের ফলপ্রসূ বৈঠক হয়। বৈঠকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া যায়।
প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে ধারাবাহিক আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে জানান শফিকুল আলম।
জনতার আওয়াজ/আ আ