অ্যানিমেশনের ক্যানভাসে পাহাড় জয়ের গল্প - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৫, শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অ্যানিমেশনের ক্যানভাসে পাহাড় জয়ের গল্প

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রূপকথার গল্পের মতো কল্পনা আর বাস্তবতার মিশেলে তৈরি অ্যানিমেশনের জগতটা কেমন হয়। সেই জগতের খোঁজ দিতেই রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হলো এক দারুণ প্রদর্শনী।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ‘দ্য সেকেন্ড স্টুডিও’ নামে এক তরুণ শিল্পগোষ্ঠীর আয়োজনে লা গ্যালারিতে পর্দা উঠল ‘দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট’-এর।

উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অনেক শিল্পী, শিক্ষার্থী আর অ্যানিমেশন ভালোবাসেন এমন সব মানুষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত কার্টুনিস্ট আহসান হাবিব এবং বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে মঁসিয়ে বাতিস্ত ল্যব্রে।

প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে শিল্পী ঐশিক জাওয়াদ, জুনায়েদ ইকবাল ইশমাম এবং রাকিব রাজ্জাকের নানা সৃজনশীল কাজ। অ্যানিমেটেড সিরিজের গল্প, ভিডিও গেম, স্কেচ আর ছবি- কীভাবে একটি আইডিয়া থেকে দারুণ সব কাজ তৈরি হয়, তা এখানে সরাসরি দেখা যাচ্ছে।

প্রদর্শনীর অন্যতম মূল আকর্ষণ ‘বেস্ট শো এভারেস্ট’। মাউন্ট এভারেস্ট আরোহণের বাস্তব অভিজ্ঞতায় অনুপ্রাণিত এই অ্যানিমেটেড মিনিসিরিজটির পাইলট পর্ব প্রদর্শনের মাধ্যমেই সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠান। বন্ধুত্ব, সাহস আর অ্যাডভেঞ্চারের মিশেলে নির্মিত এই প্রজেক্টের কনসেপ্ট আর্ট ও সেট ডিজাইন দর্শকদের নিয়ে যাচ্ছে কল্পনার এক উচ্চতায়।

পাশাপাশি ঢাকা শহরের নারীদের দৈনন্দিন চ্যালেঞ্জ নিয়ে তৈরি ইনফিনিট রানার ভিডিও গেম ‘ঢাকা সারভাইভার’ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইন্টারঅ্যাকটিভ মিডিয়ার সক্ষমতাকে নতুন করে জানান দিচ্ছে। এছাড়াও ‘ইএমকে অ্যানিমেশন কার্নিভাল’-এর প্রমোশনাল কাজ এবং অসমাপ্ত প্রকল্প ‘আনটাইটেলড অ্যান্ড ক্যানসেলড প্রজেক্ট: কমিকস মেলা’-র স্কেচগুলো সৃজনশীল প্রক্রিয়ার বাস্তব সীমাবদ্ধতাকেও তুলে ধরেছে শিল্পীদের কণ্ঠে।

আগামীকাল শুক্রবার থাকছে ‘মিট দ্য সেকেন্ড স্টুডিও’; যেখানে শিল্পীদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পাবেন দর্শক। অনুষ্ঠানটি পরিচালনা করবেন কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়। শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত হবে ‘সেকেন্ড স্টুডিও ব্যাকইয়ার্ড সেশন’। এটি মূলত শিল্পী ও অ্যানিমেশনপ্রেমীদের একটি মিলনমেলা। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্র্যাঙ্কলিনের গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রদর্শনী। শনিবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনীর দুয়ার খোলা থাকবে সবার জন্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ