অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘মনগড়া’ কথা বলছে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২৭, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২৭, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, সংস্থাটি ‘মনগড়া’ কথা বলছে।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে সিলেটের খাদিমনগর ইউনিয়নে অস্বচ্ছল পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এমন পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশকে দাবিয়ে রাখা মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব তাদের মনগড়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব কথা বলছে। তারা চায় জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী না গেলে আর্মির মধ্যে একটা অসন্তোষ দেখা দেবে।
মন্ত্রী বলেন, জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীর যেসব সদস্যদের নেওয়া হয়, তা অনেক যাছাই-বাছাই করেই নেওয়া হয়। এটা বাংলাদেশ জানে।
এ সময় নির্বাচন ঘিরে দেশি-বিদেশিদের ষড়যন্ত্র প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, যেসব দেশ উন্নতি করে সেসব দেশকে দাবিয়ে রাখতে কিছু দেশি-বিদেশি শক্তি কাজ করে।
বাংলাদেশ এখন বিদেশিদের কাছ থেকে অল্প টাকা নেয় জানিয়ে তিনি বলেন, বিদেশিরা চায় বাংলাদেশ তাদের কাছে হাত পাতবে, সাহায্য নিবে। ফলে তারা তাদের ইচ্ছামতো দেশটাকে পরিচালিত করতে পারবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে যে কারো অভিযোগ থাকতে পারে। কিন্তু একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা সেটা তো ঠিক নয়।
জনতার আওয়াজ/আ আ