আ স ম আবদুর রবকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ১৩, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
চলমান আন্দোলনকে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবের খোঁজখবর নেয়ার পর উপস্থিত সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য শায়রুল কবির খান। কিছু সময় আ স ম আব্দুর রবের পাশে অবস্থান করেন তারা।
মির্জা ফখরুল বলেন, আ স ম আব্দুর রবকে দেখতে এসেছিলাম। তিনি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব। এদেশের স্বাধীনতা যুদ্ধে আসম আব্দুর রব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করতে কাজ করেছিলেন। তিনি এখনো এই বয়সে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আপনারা জানেন গণতন্ত্র মঞ্চের অন্যতম সদস্য তার দল। আমরা তাদের সাথে যুগপৎ আন্দোলন করছি। সেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি সংগ্রাম করছি। আশা করি, দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। তার যে নেতৃত্ব, তা দিয়ে আমাদের সহযোগিতা করবেন, মানুষকে মুক্ত হতে সহায়তা করবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আসম আব্দুর রব অসুস্থ হলেও আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটবে না। উনার দল রয়েছে, তাদের সাথে উনি কথা বলছেন, সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এই আন্দোলনকে মনে করছি মুক্তির আন্দোলন। আমরা আশাবাদী, এ স ম আব্দুর রব ১৯৭১ সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, ঠিক একইভাবে গণতন্ত্রের সংগ্রামে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবেন।
জনতার আওয়াজ/আ আ