আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোনো গণতন্ত্র নেই : জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোনো গণতন্ত্র নেই : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ

 

আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোনো গণতন্ত্র নেই। দেশে একনায়কতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা গ্রামে সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ বলেছে দুর্নীতি দূর করবে। দুর্নীতি বাড়তে বাড়তে এমন পর্যায়ে যে, এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি প্রবেশ করেছে। আমরা দেশে সুশাসন নিশ্চিত করতে রাজনীতি করছি। এখন দুষ্টের দমন, শিষ্টের লালনের পরিবর্তে শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে। নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না উল্লেখ করে তিনি বলেন, যদি মানুষের মুখের পরিবর্তন হয়, আর চাঁদাবাজি, দলবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতেই থাকে, তাতে দেশের মানুষের কোনো উপকার হবে না।

জি এম কাদের আরও বলেন, কারও দয়াদাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নাই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। তারা চান জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনের ফলাফল যাই হোক, সেটা কোনো বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দেয়ার জন্য সাংগঠনিক কাজ করছে। তবে নির্বাচন কাছাকাছি এলে কীভাবে প্রার্থী দেব সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সহধর্মিণী শেরীফা কাদের, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি হুসেইন মকবুল, সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ