আওয়ামী শিবিরে ফের বাইডেন উৎসব! - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী শিবিরে ফের বাইডেন উৎসব!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আবারও আওয়ামী শিবিরে বাইডেন উৎসব। গত বছরের সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একটি সেলফি তুলেছিলেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লীতে এক সম্মেলনে ওই সেলফি তুলতে সক্ষম হয়েছিলেন শেখ হাসিনা। ওই সেলফি তোলার পর আওয়ামী লীগে মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যায়। আওয়ামী লীগের জন্য ওই সেলফি ছিল অনেকটা প্রাণভরে শ্বাস নেয়ার মত ঘটনা। আওয়ামী লীগের নেতা-কর্মীদের ফেসবুকের ওয়াল ভরে যায় বাইডেন-হাসিনার সেই সেলফির ছবি।

৭ জানুয়ারির ডামি প্রার্থীর ও ভোটারবিহীন নির্বাচনের পর ক্ষমতার জবরদখল ধরে রাখা আওয়ামী লীগ সবকিছু পাওয়ার পরও তাদের মধ্যে যেন কি নাই কি নাই একটা ভাব ছিল। আর সেই ‘নাই’ বিষয়টি ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিনন্দন না জানানো। চীন, রাশিয়া আর ভারত তো বলা যায় আওয়ামী লীগকে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। তারা অভিনন্দন জানাতেও দেরি করেনি। এরপরও বিশ্বের অনেক দেশের রাষ্ট ও সরকার প্রধান অভিনন্দন জানিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার সম্ভবত: তাকিয়ে ছিল ওয়াশিংটনের দিকে।

অবশেষে সেই কাঙ্ক্ষিত চিঠিও পেয়েছেন শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রোববার সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের কাছে এই চিঠি হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরুর পর্বে আমি বলতে চাই, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা; অর্থনৈতিক উন্নয়ন; জলবায়ু পরিবর্তন ও জ্বালানি; বৈশ্বিক স্বাস্থ্য; মানবিক সহায়তা; বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীসহ আরও অনেক ইস্যুতে আমাদের প্রশাসন একসঙ্গে কাজ করার ঐকান্তিক ইচ্ছা আমি তুলে ধরছি।’

জো বাইডেন লিখেছেন, ‘সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে। আর আমাদের এই সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের শক্তিশালী সম্পর্ক।’

এই চিঠি পাওয়ার পর আওয়ামী শিবিরে ফের উৎসব। যেন আবার ফিরে এসেছে সেপ্টেম্বরের সেই সেলফি আনন্দ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশের যারা নির্বাচনে বিরোধিতা করেছে, নির্বাচন থেকে সরে গিয়ে নির্বাচন প্রতিহত করার জন্য নানা ধরনের অপচেষ্টা চালিয়েছে, প্রত্যাশা করেছে নানা ধরনের যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে থেকে নিষেধাজ্ঞা দেবে। মাস পেরিয়ে গেছে বরং বাইডেন শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য চিঠি দিয়ে অভিব্যক্তি জানিয়েছেন। এখন বিএনপির কাছে প্রশ্ন এখন আপনাদের কে ক্ষমতায় বসাবে? কে আপনাদের ক্ষমতা পরিবর্তনে সহায়তা করবে? তিনি বলেন, বিএনপি এখন কোন আশায় বসে থাকবে, দেশের জনগণও নেই বিদেশিরাও চলে গেছে। যুক্তরাষ্ট্রের ওপর ভরসা ছিল সেই ভরসাও শেষ হয়ে গেলো।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদও মনে করেন আওয়ামী লীগ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে এখন আর কোন প্রশ্ন বা অস্বস্তি নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিঠিতে বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা; জলবায়ু পরিবর্তন; জ্বালানিসহ বৈশ্বিক নানা বিষয়ে একযোগে কাজ চালিয়ে যেতে তাঁর প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করেছেন। কোনো প্রশ্ন থাকলেও এই চিঠির পর সব নিরসন হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অস্বস্তির কারণ নেই।

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দুই নেতা ও প্রভাবশালী দু’মন্ত্রীর বক্তব্যেই বোঝা যায়, প্রেসিডেন্ট বাইডেনের চিঠি তাদের কাছে কতটা কাঙ্ক্ষিত ছিল। মন্ত্রী আর দলের শীর্ষ নেতাদের যে চিঠি বিগলিত করেছে সে চিঠি দলটির তৃণমূলকে অবশ্যই আপ্লুত করতেই পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ