আক্রমণের শিকার হলে কোন ছাড় নয়: ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আক্রমণের শিকার হলে কোন ছাড় নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৮, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৮, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ

 

আক্রমণের শিকার হলে কোন ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশিদের কাছে আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে দেখাতে চায় বিএনপি। এজন্য তারা নাটক সাজাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কোন অবস্থাতেই আক্রমণকারী হবে না।

রবিবার (২৮ মে) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ হুঁশিয়ারি দেন তিনি

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। প্রয়োজনে ওয়ার্ড পর্যন্ত কর্মসূচি দিবে।

দলীয় কর্মসূচিতে সব সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আক্রমণ করব না, কিন্তু আক্রমণ করলে ছেড়ে দিবো না। অনেক সহ্য করেছি, অনেক বাড়াবাড়ি করেছেন। নোংরা রাজনীতি তারাই করে যাদের রাজনীতি নোংরা। এই নষ্ট রাজনীতি, অপশক্তির হাতে বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ নিরাপদ নয়। এই অপশক্তির হাতে এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে তুলে দিতে পারি না।

মার্কিন ভিসা নীতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এনিয়ে সরকারের অসন্তুষ্টি ও মাথাব্যথার কোন কারণ নেই। বিদেশে বাংলাদেশের প্রভু নেই, বন্ধু আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভিসানীতিতে বলা হচ্ছে, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পথে অন্তরায় কেউ যেন বাঁধা দিতে না পারে। এটা প্রমিনেন্ট দিক। এই নিয়ে আমাদের মাথাব্যথা নেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছি। আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করছি।

তিনি বলেন, সরকার তো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। বাঁধা দিবে বিএনপি। ঘোষণা দিয়ে বাধা দিচ্ছে। কেরানীগঞ্জে, খাগড়াছড়িতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, আমরাও দেখব কি হয়, আর কি না হয়। ভিসানীতিতে তো তত্ত্বাবধায়ক নেই, প্রধানমন্ত্রীর পদত্যাগ নেই, সংসদের বিলুপ্তি নেই। বাধা দিচ্ছে বিএনপি। ওদের বিচার করুক।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে দেশে যাচ্ছেন দেশের প্রয়োজনে, নিজের জন্য নয়। জাপান, বিশ্বব্যাংক, আইএমএফ বাজেট সহযোগিতা দিচ্ছে। কাতারের আমির জ্বালানি দিয়ে সহযোগিতা দিতে চেয়েছেন।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সহ মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমুহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ