আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই জনগণ বরদাশত করবে না : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই জনগণ বরদাশত করবে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই জনগণ বরদাশত করবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবেই।

রাজধানীর রমনায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স—বাংলাদেশ মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের কনভেনশন চলাকালে জাতীয়তাবাদী ছাত্রদল-নরসিংদী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছে। এর আগেও তাকে অপহরণ করে দীর্ঘ নয় মাস গুম করে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী। এ ধরনের লোমহর্ষক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বিবৃতিতেই তিনি একথা বলেছেন।

বিএনপি মহাসচিব আরো বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কূটকৌশল গ্রহণ করেছে কতৃর্ত্ববাদী আওয়ামী শাসকগোষ্ঠী। কিন্তু এবার তা কোনোক্রমেই সম্ভব নয় বলেই আওয়ামী সরকার হিংস্র হয়ে উঠেছে। আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই জনগণ বরদাশত করবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবেই। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোনো নেতাকর্মীকে আটক এবং হদিস না দেয়াটা ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের ঘটনাকে একটি সংস্কৃতিতে পরিণত করেছে। রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, ২০১৮ সালের মিডনাইট নির্বাচনের পর থেকেই সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। আওয়ামী সরকারের বিনা ভোটে ক্ষমতায় থাকার লালসা দিনকে দিন বৃদ্ধিই পাচ্ছে, কারণ ক্ষমতায় থাকলেই লক্ষ-কোটি টাকা পাচার করে বিদেশে পরিবার-পরিজনদেরকে বিত্ত-বিলাসে রাখা যায়। সেজন্য অবৈধ শাসকগোষ্ঠী গুম, গ্রেফতার, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধী দলশূন্য না করলে দেশে নব্য বাকশালী ব্যবস্থা কায়েম করা সম্ভব নয় বলেই বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতেই ধারাবাহিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল-নরসিংদী জেলা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে আইন শৃঙ্খলা বাহিনী কতৃর্ক তুলে নিয়ে যাওয়া ও হদিস না দেয়ার রোমহর্ষক ঘটনা নি:সন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত। সিদ্দিকুর রহমান নাহিদ নিখোঁজ থাকার ঘটনায় তার পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।

অবিলম্বে সিদ্দিকুর রহমান নাহিদকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, কারণ তাকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ