আগামীকাল কিংবদন্তি বিচারপতি মাহবুব মোর্শেদের ১১৩ তম জন্মবার্ষিকী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল কিংবদন্তি বিচারপতি মাহবুব মোর্শেদের ১১৩ তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

 

স্টাফ করসপন্ডেন্ট
সময়ের আবর্তনে আবারও এসেছে একটি দিন- যেদিন জন্মেছিলেন এ ভূখণ্ডের এক শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসে যিনি জায়গা করে নিয়েছিলেন কিংবদন্তি হিসেবে। এদিন জাতি শুধু স্মরণ নয়, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় যার অবদানের কথা স্বীকার করে থাকে, তিনি হচ্ছেন সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান বিচারপতি মরহুম সৈয়দ মাহবুব মোর্শেদ।
বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ ছিলেন উপমহাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন আপসহীন ন্যায়বিচারক। তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে গিয়ে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগও করেছিলেন। এছাড়াও জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে তার গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।
বিগত শতাব্দীর প্রথম দশকের শেষের দিকে তিনি জন্মগ্রহণ করেন উপমহাদেশের প্রখ্যাত ও সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। উচ্চ মেধাসম্পন্ন মাহবুব মোর্শেদ ছাত্রজীবন থেকে বেড়ে উঠেন বাধ্যতামূলক নিয়মতান্ত্রিক পরিবেশে, যা তাকে শুধু ঈর্ষণীয় চরিত্রের অধিকারীই করেনি, প্রেরণা এবং সাহায্য করেছে বিশ্বের সর্বোচ্চ সম্মানিত এবং মর্যাদাপূর্ণ শিক্ষাগত যোগ্যতার ব্যারিস্টার-অ্যাট-ল অর্জন করতে যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিষ্ঠান ‘দ্য অনারেবল সোসাইটি অব লিংকন ইন’ থেকে ১৯৩৮ সালে।
পেশাগত জীবনে তার কঠোর পরিশ্রম ও অসামান্য মেধা তাকে নিয়ে গেছে খ্যাতির শীর্ষে। ১৯৫৪ সালের শেষদিকে তিনি ঢাকা হাইকোর্টে যোগ দেন এবং একই বছর ঢাকা হাইকোর্টের বিচারক পদে নিযুক্ত হন। বিচারপতি মোর্শেদ পাকিস্তান সুপ্রিমকোর্টের বিচারক পদে দায়িত্ব পালন করেন ১৯৬২ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত। ১৯৬৪ সালে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত হন। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিন্ম আদালতের ব্যাপক উন্নয়ন করেন। সামাজিক ন্যায়বিচার ও স্বাধীন বিচার বিভাগের জন্য তার গুরুত্বপূর্ণ ধারণা এবং তা কার্যকর করার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন। বিচারপতির দায়িত্ব পালনকালে তার কিছু ঐতিহাসিক রায় এবং সাংবিধানিক ব্যাখ্যা উপমহাদেশের পরিধি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসিত হয়।
উপমহাদেশের বিশিষ্ট আইনবিদ প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ১১৩ তম জন্মবার্ষিকী আগামীকাল। সৈয়দ মাহবুব মোরশেদ ১৯১১ সালের ১১ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আবদুস সালেক ছাত্রজীবনে মেধার পরিচয় দিয়ে পরে বঙ্গীয় সিভিল সার্ভিসের সদস্যপদ লাভ করেছিলেন।
শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন বিচারপতি মোর্শেদের মামা। বগুড়া জিলা স্কুল থেকে ১৯২৬ সালের ম্যাট্রিক পরীক্ষায় তিনি রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে তিনি অনার্সসহ বিএ পাস করেন ১৯৩০ সালে। সৈয়দ মাহবুব মোর্শেদ এমএ পাস করেন ১৯৩২ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে আইন পাস করেন ১৯৩৩ সালে। ১৯৩৯ সালে ইংল্যান্ডের লিনকন্স ইন থেকে ব্যারিস্টারী ডিগ্রি লাভ করেন।
বিচারপতি মোরশেদের বাংলা-ইংরেজি ছাড়াও কয়েকটি ভাষায় দখল ও পাণ্ডিত্য ছিল। আইন ছাড়াও তিনি সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতি বিষয়ে বহু প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। গণতন্ত্রের পক্ষে তিনি ছিলেন একজন অবিচল প্রবক্তা।
১৯৭৯ সালের ৩ এপ্রিল তিনি ঢাকায় ইন্তেকাল করেন।
সর্বোপরি, বিচারপতি মোরশেদ একজন প্রগতিশীল ইসলামী চিন্তাবিদ ছিলেন। তিনি ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সাহসের সাথে সভাপতির দায়িত্ব পালন করেন।
আজকের বাংলাদেশের প্রেক্ষাপটেও বিচারপতি মোরশেদের মতো সাহসী, দেশপ্রেমিক ব্যক্তিত্বের বড্ড অভাব অনুভূত হয়।
আগামীকাল আইনজ্ঞ, নির্ভীক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ১১৩ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ মরহুমের বনানীর কবরে সকাল সাড়ে ১০টায় পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ ও কুরআনখানির আয়োজন করেছে। এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়াও ১২ জানুয়ারি ২০২৪ ৫টায় শিশু কল্যাণ পরিষদে প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও শেরেবাংলা পথকলি স্কুলের সভাপতি আর কে রিপন আজ এক যৌথ বিবৃতিতে আগামীকাল ১১ জানুয়ারি ২০২৪ সকাল ৯ টা ৩০ মিনিটের মধ্যে বনানী কবরস্থানে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহাবুব মোরশেদ ১১৩ তম জন্মবার্ষিকীতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আহবান জানান এবং যথাযথ মর্যাদায় জন্মবার্ষিকী পালন করার অনুরোধ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ