আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম : নাহিদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২৯, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত।
রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা এই সংসদটা কীভাবে গঠিত হয়েছে, আমরা ভুলে যাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি।’
তিনি উল্লেখ করেন, বিষয়টি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বসহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত এবং এর একটি সুরাহা হওয়া প্রয়োজন। এরপরই সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সংগত বলে তিনি মনে করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকার ও হাউসের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘আমরা প্রথমে এই বিধিতে নোটিশ দিয়েছি। জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগে আলোচনা হোক– এটি আপনার প্রতি আমাদের অনুরোধ রইল।’
জনতার আওয়াজ/আ আ